আর্জেন্টিনায় দাবানল নেভানোর মহড়ায় গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

আর্জেন্টিনায় দাবানল নেভানোর মহড়ায় গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭
ছবি: সংগৃহীত

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সাতজন নিহত হয়েছেন। সান হুয়ান প্রদেশে স্থানীয় সময় বুধবার সকালে এটি বিধ্বস্ত হয়। কর্তৃপক্ষ জানায়, হেলিকপ্টারটি পাশের প্রদেশে কয়েক দিন ধরে জ্বলতে থাকা দাবানল নিয়ন্ত্রণে সহায়তা করতে যাওয়ার আগে প্রশিক্ষণ মহড়া দিচ্ছিল।

বুধবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে হেলিকপ্টারটির সঙ্গে নিয়ন্ত্রণকক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ইশচিগুয়ালাস্তো প্রাকৃতিক উদ্যানে এটি বিধ্বস্ত হয়।

বিজ্ঞাপন

সান হুয়ানের গভর্নর মার্সেলো অরেগো সামাজিক মাধ্যম এক্সে এক বার্তায় বলেন, ‘গভীর শোকের সঙ্গে জানাচ্ছি, আমাদের প্রদেশে সংঘটিত হেলিকপ্টার দুর্ঘটনায় সাতজন প্রাণ হারিয়েছেন।’

নিহতদের মধ্যে দমকলকর্মী, পুলিশ সদস্য ও সিভিল প্রোটেকশন বিভাগের কর্মীরা রয়েছেন বলে জানান তিনি।

জরুরি সেবা বিভাগ জানিয়েছে, দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে এবং ঘটনাস্থলে উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে।

এ দুর্ঘটনায় শোক জানিয়ে তিন দিনের শোক ঘোষণা করেছে সান হুয়ান প্রাদেশিক সরকার ।

চলতি সপ্তাহের শুরু থেকে দেশটির লা রিওহায় পার্বত্য এলাকায় একাধিক দাবানল ছড়িয়ে পড়েছে। স্থানীয় দমকল বাহিনীর তথ্য অনুযায়ী, মাত্র তিন দিনে সেখানে কয়েকশ হেক্টর বনভূমি পুড়ে গেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন