পাকিস্তানে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭৮ জনে

পাকিস্তানে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭৮ জনে

পাকিস্তানে প্রবল বর্ষণ ও বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৭৮ জনে দাঁড়িয়েছে। এরমধ্যে গতম ২৪ ঘণ্টায় পাঞ্জাবে মারা গেছে কমপক্ষে ৫৪ জন। পাঞ্জাব জুড়ে বন্যা কবলিত এলাকা থেকে এখন পর্যন্ত ৭০ জনকে উদ্ধার করা হয়েছে। বন্যায় আটকাপড়াদের উদ্ধারে যোগ দিয়েছে সেনাবাহিনীর হেলিকপ্টার। খবর জিও নিউজের।

পাঞ্জাবে নিহত ৫৪ জনের মধ্যে ৪৬ জন ভবন ধসে, পাঁচজন পানিতে ডুবে এবং তিনজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। নিহতদের মধ্যে ২০ জন পুরুষ, ১২ জন নারী এবং ২২ জন শিশু।

বিজ্ঞাপন

গত জুন মাস থেকে শুরু হওয়া বন্যায় জীবনযাত্রা সবচেয়ে ব্যাহত হচ্ছে রাওয়ালপিন্ডি ও ইসলামাবাদে। রাওয়ালিপিণ্ডিতে ড্রেনের পানি উপচে পড়ে রাস্তায় চলে এসেছে। রাস্তায় পানিতে আটকা পড়ে বহু যানবাহন। কাতারিয়ান ও গাওয়ালমান্ডিতে লোকজনকে নিরাপদ স্থানে চলে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

রাওয়ালপিন্ডি, চাকওয়াল এবং ইসলামাবাদসহ পাঞ্জাবের একাধিক জেলায় বৃষ্টিপাতের জরুরি অবস্থা জারি করা হয়েছে। গভীর রাত পর্যন্ত আরো বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ।

চাকওয়ালে বন্যা জরুরি অবস্থা জারি করা হয়। ধেরাবির একটি ছোট বাঁধ ভেঙে যাওয়ায় বন্যার পানি লোকালয়ে প্রবেশ করে। রাস্তাঘাট এবং সেতু ক্ষতিগ্রস্ত বা ভেসে যাওয়ায় অনেক গ্রাম যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

শিয়ালকোটে, হেড মারালায় চেনাব নদীর পানি বৃদ্ধির কারণে বন্যা সতর্কতা জারি করা হয়েছে।

এই সংকটে ৩০ আগস্ট পর্যন্ত ১৪৪ ধারা জারি করে নদী, পুকুর এবং বাঁধে সাঁতার কাটা নিষিদ্ধ করেছে পাঞ্জাব সরকার। এনডিএমএ ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের ৩ থেকে ৫ দিনের জন্য খাবার, পানি এবং প্রয়োজনীয় ওষুধ মজুদ করার পরামর্শ দিয়েছে।

প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ জাতীয় জরুরি অপারেশন সেন্টার পরিদর্শন করেছেন।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন