রাতভর টানা বৃষ্টিপাতে জলাবদ্ধতা দেখা দিয়েছে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায়। বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বিভিন্ন জায়গায় ১৫০ থেকে ৩৩২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। জলাবদ্ধতার কারণে ব্যাহত হচ্ছে যান চলাচল। আজও বিক্ষিপ্তভাবে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
নেতাজিনগরে, কালিকাপুরে, বালিগঞ্জ প্লেস, বেনিয়াপুকুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন কমপক্ষে পাঁচজন।
উল্টোডাঙা, কাঁকুড়গাছি, সল্টলেক, বেহালা, বালিগঞ্জ, গড়িয়াহাট, গড়িয়া, কসবা, যাদবপুর, আলিপুর, ভবানীপুর, সন্তোষপুর, মানিকতলাসহ কলকাতার বহু এলাকায় পানি জমেছে।
জলাবদ্ধতার কারণে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। পাশাপাশি শহরতলির রেল ও মেট্রো পরিষেবাও ব্যাহত হয়েছে। হাওড়া, শিয়ালদহ, চিৎপুরে কারশেডে পানি জমে গেছে। বেশ কয়েকটি স্কুল আজ ছুটি ঘোষণা করেছে।
শহরের বেশ কয়েকটি নিচু এলাকায়, বাড়িতে পানি ঢুকে পড়েছে।
কলকতা পৌরসভা কর্তৃপক্ষ জানিয়েছে, বৃষ্টিপাত অব্যাহত থাকলে পরিস্থিতি আরো খারাপ হতে পারে।
তবে শুধু কলকাতা নয়, পুরো দক্ষিণ এলাকাজুড়েই গতকাল রাতে অবিরাম বৃষ্টি হয়েছে।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের ফলেই এই বৃষ্টি হচ্ছে। শহরবাসীকে আরো বৃষ্টির জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে।
সূত্র: এনডিটিভি
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

