নিজ দেশের নির্বাচনব্যবস্থা নিয়ে আবারও তীব্র ও বিতর্কিত মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার অভিযোগ, যুক্তরাষ্ট্রের নির্বাচনে নিয়মিত কারচুপি ও ভোট চুরি হয়। ট্রাম্পের দাবি, এ কারণে বিশ্বের কাছে আমেরিকার নির্বাচন ব্যবস্থা এখন উপহাসের বিষয়ে পরিণত হয়েছে।
মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানায়, গত রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প ‘সেইভ আমেরিকা অ্যাক্ট’ বাস্তবায়নের আহ্বান জানান। তিনি বলেন, এই ব্যবস্থা সংস্কার না করা হলে দেশটাই ঝুঁকির মুখে পড়বে। একই সঙ্গে তিনি রিপাবলিকান পার্টির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে এ ইস্যুতে লড়াই করার আহ্বান জানান।
ট্রাম্প কংগ্রেসে এ বিষয়ে নতুন আইন প্রণয়নের দাবিও তুলেছেন। প্রস্তাবিত আইনে তিনি মূলত তিনটি কঠোর নিয়ম চালুর কথা বলেছেন। প্রথমত, ভোট দেওয়ার সময় ভোটার পরিচয়পত্র বাধ্যতামূলক করতে হবে।
দ্বিতীয়ত, ভোটার হিসেবে নিবন্ধনের ক্ষেত্রে সশরীরে উপস্থিত হয়ে মার্কিন নাগরিকত্বের প্রমাণ দিতে হবে।
তৃতীয়ত, অসুস্থতা, গুরুতর অক্ষমতা, সামরিক বাহিনীতে কর্মরত থাকা বা ভ্রমণের মতো বিশেষ কারণ ছাড়া ডাকযোগে ভোট বা ‘মেইল-ইন ব্যালট’ ব্যবস্থাটি পুরোপুরি বন্ধ করার দাবি জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, চলতি বছরের ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এসআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

