রাজনৈতিক চ্যালেঞ্জ সত্ত্বেও আঞ্চলিক প্রভাব বাড়াচ্ছে আফগানিস্তান

রাজনৈতিক চ্যালেঞ্জ সত্ত্বেও আঞ্চলিক প্রভাব বাড়াচ্ছে আফগানিস্তান

আফগানিস্তানের অর্থমন্ত্রণালয়ে বার্ষিক প্রতিবেদনে, দেশটির অর্থনৈতিক উন্নয়নকে বাধাগ্রস্ত করতে কয়েকটি দেশের রাজনৈতিক ভূমিকার সমালোচনা করা হয়েছে। দেশটির উপ-অর্থমন্ত্রী আব্দুল লতিফ নাজারির মতে, কিছু দেশ চায়নি যে আফগানিস্তান এই অঞ্চলের অর্থনৈতিক অগ্রগতিতে অংশ নিক। খবর টোলো নিউজের।

তিনি বলেন, আফগানিস্তান অর্থনীতিকে কেন্দ্র করে নেওয়া কৌশলের মাধ্যমে তার অর্থনীতিকে এই অঞ্চলের সঙ্গে একীভূত করতে কাজ করছে।

বিজ্ঞাপন

আব্দুল লতিফ নাজারি আরো বলেন, ‘কিছু দেশ, যাদের নাম আমি উল্লেখ করব না, তারা আন্তর্জাতিক রাজনীতি ও অর্থনৈতিক পরিবর্তন থেকে আফগানিস্তানকে বিচ্ছিন্ন করার চেষ্টা করেছিল। তারা চেয়েছিল, আফগানিস্তান যেন অন্যের ওপর নির্ভরশীল হয়।’

তিনি নিজ দেশের রাজনীতিকদের দক্ষতার প্রশংসা করে বলেন, আফগানিস্তান তার অর্থনীতিকে পুরো অঞ্চলের সঙ্গে একীভূত করতে সক্ষম হয়েছে।

নাজারি আরো বলেন যে আফগানিস্তান এখন টিএপিআই, সিএএসএ-১০০০ এবং চীনের ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ’ এর মতো প্রধান আঞ্চলিক প্রকল্পগুলোতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে।

তিনি জোর দিয়ে বলেন যে এই ধরনের প্রকল্প আঞ্চলিক অর্থনীতিতে আফগানিস্তানের অবস্থান সুরক্ষিত করতে সাহায্য করতে পারে।

নাজারি আফগানিস্তানে খাদ্য নিরাপত্তাহীনতা এবং বেকারত্ব সম্পর্কে আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতিবেদনগুলিকে অতিরঞ্জিত বলে বর্ণনা করেছেন। তার দাবি, অতীতের তুলনায় খাদ্য পরিস্থিতি ও কর্মসংস্থানের সুযোগ আগের চেয়ে উন্নতি হয়েছে।

তিনি আরও বলেছেন যে বিদেশী সাহায্য কমে যাওয়া বা স্থগিতাদেশ আফগান অর্থনীতিতে উল্লেখযোগ্যভাবে প্রভাব ফেলেনি। বিদেশী সাহায্যের ওপর যাতে নির্ভরশীল হতে না হয়, তা নিশ্চিত করার চেষ্টা করছে আফগানিস্তান।

মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মতে, গত বছর আফগানিস্তানে ৩৭০টি উন্নয়ন প্রকল্প এবং ৮৭৩টি সহায়ক প্রকল্প বাস্তবায়িত হয়। যার অর্থায়ন করা হয় দেশীয় রাজস্ব থেকে।

একই সময়ে ১৪০টি বেসরকারি সংস্থা, যার মধ্যে ছয়টি বিদেশী, অর্থনীতি মন্ত্রণালয় থেকে পরিচালনার লাইসেন্স পেয়েছে।

বেসরকারি সংস্থাগুলোর সমন্বয় প্রধান আব্দুল সালাম আশরাফি, প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারীদের প্রতি মনোযোগ দিতে এনজিওগুলোর প্রতি আহ্বান জানান।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন