সৌদি আরবের জ্বালানি অবকাঠামোতে ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বাহিনীর নতুন করে হামলার দাবি এবং হরমুজ প্রণালিতে উত্তেজনা বৃদ্ধির প্রভাব পড়েছে বিশ্ববাজারে। সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কায় শুক্রবার দিনের শুরুতে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়ে ব্যারেলপ্রতি ১১৫ ডলার ছাড়িয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, শুক্রবার গ্রিনিচ মান সময় ১টা ২২ মিনিটে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৮৬ সেন্ট বা শূন্য দশমিক ৭৫ শতাংশ বেড়ে ১১৫ ডলার ৭৪ সেন্টে দাঁড়ায়।
একই সময়ে যুক্তরাষ্ট্রের বাজারে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৭২ সেন্ট বা শূন্য দশমিক ৭১ শতাংশ বেড়ে ১০২ ডলার ৭২ সেন্টে ওঠে।
এ নিয়ে টানা চতুর্থ মাসের মতো বাড়তির দিকে রয়েছে ব্রেন্ট ও ডব্লিউটিআই—উভয় ধরনের অপরিশোধিত তেলের দাম। অক্টোবর মাসে ব্রেন্টের দাম প্রায় ১৪ শতাংশ বাড়তে পারে। আর ডব্লিউটিআইয়ের দাম বাড়তে পারে প্রায় ১৫ শতাংশ।
সৌদি আরবের জ্বালানি স্থাপনায় হুথি বাহিনীর হামলার দাবির পর তেলের বাজারে এই ঊর্ধ্বগতি দেখা দিয়েছে।
ইরান সমর্থিত হুথি বাহিনী দাবি করেছে, তারা সৌদি আরবের কয়েকটি জ্বালানি স্থাপনায় হামলা চালিয়েছে। এসব স্থাপনার মধ্যে রয়েছে রাস তানুরা ও রাবিগ তেল শোধনাগার এবং আরামকোর আবকাইক স্থাপনা।
এদিকে হরমুজ প্রণালির দক্ষিণে অনুমোদনহীন একটি পথ ব্যবহার করতে গিয়ে তিনটি তেলবাহী জাহাজ সমুদ্রে পেতে রাখা মাইনে আঘাত হেনেছে এবং আগুন ধরে গেছে বলে দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী।
সৌদি আরবের জ্বালানি স্থাপনায় হামলা এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে অনিশ্চয়তা বিশ্ববাজারে তেলের সরবরাহ নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে। এর প্রভাবেই আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ছে।
এএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

