নাইজেরিয়ার কানো রাজ্যের একটি মহাসড়কে বাস দুর্ঘটনায় অন্তত ২১ জন ক্রীড়াবিদ নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার, বাসে করে জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা শেষে ফিরছিলেন তারা। তাদের বহনকারী বাসটি কুরা লোকাল গভর্নমেন্ট এরিয়ার একটি সেতুতে ওঠার পর নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে গেলে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে।
কানো স্টেট স্পোর্টস কমিশনের চেয়ারম্যান উমার ফ্যাগি জানিয়েছেন, বাসটিতে মোট ৩৫ জন যাত্রী ছিলেন, যাদের বেশিরভাগই ছিলেন ক্রীড়াবিদ ও কর্মকর্তা। তারা দক্ষিণ-পশ্চিম নাইজেরিয়ার ওগুন রাজ্যে অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া উৎসব থেকে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন। ফেডারেল রোড সেফটি কর্পস (এফআরএসসি) জানিয়েছে, অন্য কোনো গাড়ি নয়, বরং চালকের কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত অ্যাথলেটদের জন্য গভীর শোক প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক বার্তা পোস্ট করেছেন দেশটির সাবেক ভাইস প্রেসিডেন্ট আতিকু আবুবকর। তিনি লিখেছেন, যারা প্রাণ হারিয়েছেন তারা জাতির শ্রেষ্ঠ সন্তান, নিবেদিতপ্রাণ, প্রতিভাবান এবং ভবিষ্যতের প্রতীক।
দেশটির জাতীয় ক্রীড়া উৎসব একটি বৃহৎ আকারের ক্রীড়া প্রতিযোগিতা, যেখানে বিভিন্ন রাজ্যের ক্রীড়াবিদরা অংশ নেন। এই উৎসব একতা, ক্রীড়া উন্নয়ন এবং প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই প্রতিযোগিতায় অ্যাথলেটিকস, ফুটবল, বাস্কেটবল, ভলিবলসহ নানা খেলা অন্তর্ভুক্ত থাকে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

