ইরাকের রাজধানী বাগদাদে দেশটির গোয়েন্দা সদর দপ্তর লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। সেখানে কর্মরত এক গোয়েন্দা কর্মকর্তা নিহত হয়েছেন। এ ছাড়া হামলায় আহত আরেকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানায় সংস্থাটি।
শনিবার আলজাজিরার এক প্রতিবেদনে ইরাক সরকারের নিরাপত্তা মিডিয়া ইউনিটের প্রধান জেনারেল সাদ মান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আজ সকালে বাগদাদের প্রাণকেন্দ্রে এ হামলা চালানো হয়েছে।’
অন্যদিকে এএফপি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, বাগদাদের একটি যোগাযোগ ভবনেও ড্রোন হামলা চালানো হয়েছে। সূত্রটি জানায়, ক্ষতিগ্রস্ত ভবনটিতে ইরাকের একটি নিরাপত্তা সংস্থার কার্যালয় ছিল। সংস্থাটি দেশটিতে ‘উগ্রবাদবিরোধী’ অভিযানের অংশ হিসেবে মার্কিন নেতৃত্বাধীন জোটের সঙ্গে কাজ করে থাকে।
ইরাকের জাতীয় গোয়েন্দা সংস্থা এক বিবৃতিতে বলেছে, বাগদাদে তাদের সদর দপ্তরের কাছে ‘আইনবহির্ভূত গোষ্ঠী’র চালানো ড্রোন হামলায় এক কর্মকর্তা নিহত হয়েছেন।
তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি। হামলার পেছনে কারা জড়িত, তা জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

