নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির পদত্যাগের দাবিতে নতুন করে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। মন্ত্রী ও রাজনৈতিক নেতাদের বাড়িঘরে হামলা চালাচ্ছে বিক্ষোভকারীরা। ঘটেছে অগ্নি সংযোগের ঘটনাও। খবর দ্য কাঠমান্ডু পোস্টের।
প্রতিবেদনে বলা হয়, আজ মঙ্গলবার জেন-জি বিক্ষোভকারীরা ক্ষমতাসীন নেপালি কংগ্রেস পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, সামাজিকমাধ্যমের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পরেও পরিস্থিতি পুরোপুরি শান্ত হয়নি। বরং নতুন উদ্যমে পথে নেমেছেন তরুণরা।
আজ মঙ্গলবার নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পোড়েলের বাসভবনে আগুন ধরিয়ে দিয়েছে উত্তেজিত জনতা। এছাড়া, ললিতপুর জেলার খুমালতারে নেপালের সাবেক প্রধানমন্ত্রী পুষ্পকমল দহল‘প্রচণ্ডর বাসভবনেও হামলা চালিয়েছেন বিক্ষোভকারীরা। ভাঙচুর করা হয় তার বাড়িতে।
এছাড়া ললিতপুরে যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী পৃথ্বী সুব্বা গুরুংয়ের বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা।
এছাড়া, উপ-প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী বিষ্ণু পাউডেলের বাসভবন হামলা শিকার হয়। সোমবার পদত্যাগকারী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখকের বাড়িতেও হামলা চালানো হয়েছে।
নেপাল রাষ্ট্রীয় ব্যাংকের গভর্নর বিশ্ব পাউডেলের বাসভবনেও ইট-পাটকেল ছোড়ে বিক্ষোভকারীরা। বিক্ষোভকারীরা সাবেক প্রধানমন্ত্রী এবং নেপালি কংগ্রেস সভাপতি শের বাহাদুর দেউবার বাসভবনেও হামলা চালানোর চেষ্টা করে। তবে হামলার আগেই তাদের থামানো হয়।
এছাড়াও, বিক্ষোভকারীরা সিপিএনের (মাওবাদী কেন্দ্র) সভাপতি এবং প্রধান বিরোধীদলীয় নেতা পুষ্প কামাল দাহালের বাসভবনে পাথর ছোড়ে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় প্রশাসন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পরেও বিক্ষোভকারীরা বিভিন্ন জেলায় মুখ্যমন্ত্রী, প্রাদেশিক মন্ত্রী এবং অন্যান্য নেতাদের বাসভবন লক্ষ্য করে হামলা চালিয়েছে।
সোমবার নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে ১৯ জন বিক্ষোভকারী নিহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে কারফিউ জারি করে কর্তৃপক্ষ। তবে কারফিউ সত্ত্বেও বিক্ষোভ অব্যাহত রয়েছে। হতাহতের ঘটনায় দায় নিয়ে প্রধানমন্ত্রী অলির পদত্যাগ দাবি করেছেন তারা।
সরকারি নিয়মবিধি না মানায় সম্প্রতি ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটস্অ্যাপ, এক্স, ইউটিউব-সহ ২৬টি সমাজমাধ্যমকে নিষিদ্ধ করে দিয়েছিল নেপাল সরকার। তারই প্রতিবাদে সোমবার রাস্তায় নেমেছিলেন তরুণরা।
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

