বিশ্বের সবচেয়ে বেশি অর্থসংকটে থাকা ১২টি মানবিক সংকটে জীবনরক্ষাকারী সহায়তা দিতে ১৬ কোটি ডলার বরাদ্দ দিয়েছে জাতিসংঘ। শুক্রবার জাতিসংঘের কেন্দ্রীয় জরুরি প্রতিক্রিয়া তহবিল (সিইআরএফ) থেকে এ অর্থ বরাদ্দ দেওয়া হয়।
জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় দপ্তর (ওসিএইচএ) জানিয়েছে, চলতি বছর সবচেয়ে গুরুতর মানবিক সংকটে থাকা ৮ কোটি ৭০ লাখ মানুষের কাছে সহায়তা পৌঁছে দেওয়ার বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবে এই অর্থ দেওয়া হচ্ছে।
জাতিসংঘের মানবিক বিষয়ক প্রধান টম ফ্লেচার এক বিবৃতিতে বলেন, ‘আমাদের ৮ কোটি ৭০ লাখ মানুষের কাছে পৌঁছাতে হবে, আর সময় নষ্ট করার সুযোগ নেই।’
তবে শুধু অর্থ বরাদ্দ করলেই সংকট মোকাবিলা সম্ভব নয় বলে সতর্ক করেছেন ফ্লেচার। মানবিক সহায়তা পৌঁছাতে রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে তিনি নেতাদের প্রতি সহায়তার পথ খুলে দেওয়া, বিভিন্ন বাধা দূর করা এবং জীবন ঝুঁকিতে থাকা মানুষের কাছে পৌঁছানোর সুযোগ নিশ্চিত করার আহ্বান জানান।
বরাদ্দ করা ১৬ কোটি ডলারের মধ্যে ১৫ কোটি ডলার যাবে আফগানিস্তান, বুরকিনা ফাসো, ক্যামেরুন, চাদ, কিউবা, মালি, নাইজার, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড, সোমালিয়া, দক্ষিণ সুদান, সুদান ও ইয়েমেনে। এসব অর্থ মূলত জরুরি ও জীবনরক্ষাকারী মানবিক সহায়তা কার্যক্রমে ব্যবহার করা হবে।
জাতিসংঘের মানবিক সহায়তা পৌঁছানোর ক্ষেত্রে দ্রুত কূটনৈতিক পদক্ষেপ প্রয়োজন—এমন ১০টি সংকটের তালিকায় আফগানিস্তান, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড, দক্ষিণ সুদান, সুদান ও ইয়েমেনও রয়েছে। এসব অঞ্চলে মানবিক সহায়তার প্রবেশাধিকার নিশ্চিত করতে জরুরি কূটনৈতিক উদ্যোগের প্রয়োজন বলে এর আগে জানিয়েছিলেন ফ্লেচার।
এ ছাড়া ১২টি সংকটে প্রতিবন্ধী ব্যক্তিদের বিশেষ প্রয়োজন মেটাতে আরো ১ কোটি ডলার বরাদ্দ রাখা হয়েছে।
সাম্প্রতিক এই অর্থ বরাদ্দের ফলে ২০২৬ সালে এখন পর্যন্ত সিইআরএফ থেকে দেওয়া মোট সহায়তার পরিমাণ দাঁড়িয়েছে ৪৮ কোটি ৩০ লাখ ডলারে। জাতিসংঘ বলছে, বিশ্বজুড়ে মানবিক সংকটের মাত্রা বাড়তে থাকায় সীমিত তহবিলের মধ্যেই সবচেয়ে জরুরি প্রয়োজন রয়েছে এমন জনগোষ্ঠীর কাছে দ্রুত সহায়তা পৌঁছে দেওয়াই তাদের অন্যতম প্রধান লক্ষ্য।
সূত্র: আনাদোলু এজেন্সি
এআরবি
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


