ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ ইবনে-রেজা বলেছেন, সাম্প্রতিক সংঘাতের মধ্য দিয়ে ইরান মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্য বদলে দিয়েছে এবং সামরিক হুমকি ও চাপ প্রয়োগের যুগের অবসান ঘটিয়েছে। অতর্কিত হামলা চালিয়ে পালিয়ে যাওয়ার দিন শেষ হয়ে গেছে বলেও সতর্ক করে দেন তিনি।
সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, হাজার বছরের ইতিহাস থেকে শিক্ষা নিয়ে ইরানের সঙ্গে সম্মানের সঙ্গে কথা বলতে হবে। গণমাধ্যমের প্রচারণা দিয়ে সংঘাতের বাস্তবতা বা ফলাফল পরিবর্তন করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, যুক্তরাষ্ট্র চাপ ও জবরদস্তির পথ পরিহার করে পারস্পরিক সম্মানের ভিত্তিতে আলোচনায় ফিরলে কূটনীতি পুনরায় শুরু করা সম্ভব। তিনি বলেন, যুক্তরাষ্ট্রকে ইরানের অধিকার স্বীকার, আস্থা তৈরি এবং পূর্বের প্রতিশ্রুতি রক্ষা করতে হবে।
কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানির সঙ্গে তেহরানে বৈঠকের পর আরাগচি বলেন, আঞ্চলিক দেশগুলোর মধ্যস্থতা উত্তেজনা কমাতে গুরুত্বপূর্ণ। তিনি আঞ্চলিক নিরাপত্তাব্যবস্থাকে বহিরাগত হস্তক্ষেপমুক্ত রাখার ওপরও গুরুত্বারোপ করেন।
সূত্র: প্রেস টিভি
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


