পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট।
মঙ্গলবার স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইমরানের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগের মধ্যে আদালতের পক্ষ থেকে এ নির্দেশ দেওয়া হলো। এর আগে পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট আরিফ আলভি দাবি করেছিলেন, ইমরান খানের চিকিৎসা প্রতিবেদন ‘উদ্বেগজনক’।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আলভি বলেন, তিনি কয়েকজন বিশেষজ্ঞের সঙ্গে ইমরানের মেডিকেল প্রতিবেদন পর্যালোচনা করেছেন।
তার ভাষ্য অনুযায়ী, প্রতিবেদনে ইমরানের উদ্বেগ ও মানসিক চাপের মাত্রা, হৃদ্স্পন্দন বেড়ে যাওয়া এবং উচ্চ রক্তচাপ সবচেয়ে বেশি উদ্বেগের বিষয়।
ইমরানের ঘুমের সমস্যার কথা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি বলেও জানান আলভি। তবে তিনি যে ওষুধগুলো সেবন করছেন, সেগুলো দেখে ঘুমের সমস্যার বিষয়টি বোঝা যায় বলে মন্তব্য করেন তিনি।
আরিফ আলভি বলেন, তিনি ৩৫ বছরের বেশি সময় ধরে ইমরান খানকে চেনেন।
তার মতে, ইমরানের দুর্বলতার জায়গা কখনোই মানসিক চাপ ছিল না। কিন্তু বর্তমানে সেই চাপ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। প্রায় তিন বছরের কারাবাস ও সম্পূর্ণ বিচ্ছিন্নতার কারণে তার ওপর কী ধরনের প্রভাব পড়েছে, এটি তারই প্রমাণ বলে মন্তব্য করেন আলভি।
ইমরানের হৃদ্স্পন্দন প্রতি মিনিটে ৫৪ বার বলেও উল্লেখ করেন সাবেক এই প্রেসিডেন্ট। চিকিৎসকেরা এটিকে স্বাভাবিক বললেও ইমরানের ক্ষেত্রে এটি স্বাভাবিক নয় বলে দাবি করেন তিনি।
ইমরানের হৃদ্যন্ত্রের কার্যক্রম পর্যবেক্ষণে অবিলম্বে ২৪ ঘণ্টার হল্টার মনিটর ব্যবহারের পরামর্শ দিয়েছেন আলভি। একই সঙ্গে প্রতিদিন নিয়মিত তার রক্তচাপ পর্যবেক্ষণেরও দাবি জানান তিনি।
আলভি আরো বলেন, ইমরান খানকে এখনই হাসপাতালে নেওয়া প্রয়োজন। সেখানে স্বাধীন একটি চিকিৎসক প্যানেলের তত্ত্বাবধানে তার চিকিৎসা হওয়া উচিত। সরকারি নিয়োগ করা চিকিৎসকদের ওপর ইমরানের পরিবার ও পাকিস্তানের জনগণের এককভাবে আস্থা নেই বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে ইমরানের পরিবারের সদস্যরা তার সঙ্গে দেখা করতে না পারা এবং তার কাছে পর্যাপ্তভাবে পৌঁছানোর সুযোগ না থাকা নিয়ে একাধিকবার উদ্বেগ প্রকাশ করেছেন।
ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে রয়েছেন। তার স্বাস্থ্য নিয়ে সাম্প্রতিক সময়ে উদ্বেগ আরো বেড়েছে। আদালতের সর্বশেষ নির্দেশের পর তাকে হাসপাতালের পরিবেশে চিকিৎসা দেওয়া হবে কি না, সেটিই এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
এএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

