মুসলিম ম্যাটার্সে ডানিয়া দামরাহর নিবন্ধ

কঠিন জনপদে কোমলতা খুঁজে ফেরার গল্প

কঠিন জনপদে কোমলতা খুঁজে ফেরার গল্প

ব্যস্ততা, সাফল্যের প্রতিযোগিতা ও সামাজিক অবস্থান ধরে রাখার চাপে হারিয়ে যাচ্ছে মানুষের আন্তরিকতা। মসজিদে পাশাপাশি দাঁড়িয়েও দূরত্ব ঘুচছে না, ধর্মীয় সম্প্রদায়ের ভেতরেও অনেকে অনুভব করছেন নিঃসঙ্গতা। যুক্তরাষ্ট্রের নিউ জার্সির বার্গেন কাউন্টিতে দীর্ঘদিন বসবাসের অভিজ্ঞতা তুলে ধরে এমনই এক আত্মিক সংকটের কথা লিখেছেন লেখক ডানিয়া দামরাহ। তার মতে, প্রকৃত ধর্মীয় সম্প্রদায় সেই জায়গা, যেখানে মানুষকে নিজের দুর্বলতা লুকাতে হয় না, বরং ক্লান্ত হৃদয় নিয়েও আপন করে নেওয়া হয়।

যুক্তরাষ্ট্রভিত্তিক ইসলামবিষয়ক ওয়েবসাইট মুসলিমম্যাটার্সে ১০ অক্টোবর প্রকাশিত হোয়েন আ প্লেস টিচেস ইউ হোয়াট সফটনেস ইজ নট শীর্ষক নিবন্ধে লেখক দেখিয়েছেন, কীভাবে একটি এলাকার জীবনযাত্রা মানুষের মন, সম্পর্ক ও ধর্মীয় অনুভূতিকে প্রভাবিত করতে পারে। তার লেখায় উঠে এসেছে আধুনিক জীবনের প্রতিযোগিতা, মুসলিম সমাজে আন্তরিকতার সংকট, একাকিত্ব এবং এমন একটি সম্প্রদায়ের আকাঙ্ক্ষা, যেখানে মানুষ সত্যিকার অর্থে প্রশান্তি খুঁজে পাবে।

বিজ্ঞাপন

সাফল্যের প্রতিযোগিতায় হারিয়ে যাচ্ছে হৃদয়ের কোমলতা

নিউ জার্সি অঞ্চলের জীবনযাত্রায় একধরনের নীরব কঠোরতা রয়েছে। এখানে মানুষ প্রতিনিয়ত ব্যস্ত, সাফল্যের পেছনে ছুটছে এবং সামাজিকভাবে নিজেকে প্রতিষ্ঠিত রাখার চেষ্টা করছে। অথচ এত কিছুর মধ্যেও অনেকেই মানসিকভাবে পিছিয়ে পড়ার অনুভূতি থেকে মুক্ত হতে পারছেন না।

বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও জীবনযাপনের ব্যয়বহুল বাস্তবতা, অন্যদের সঙ্গে নিজেদের তুলনা করার প্রবণতা এবং সফল হিসেবে নিজেকে তুলে ধরার চাপ মানুষের সম্পর্কেও প্রভাব ফেলছে। বাইরে থেকে সবকিছু স্বাভাবিক মনে হলেও ভেতরে ভেতরে অনেকেই ক্লান্তি ও নিঃসঙ্গতা বয়ে বেড়াচ্ছেন।

এমন পরিবেশে মানুষ ধীরে ধীরে নিজের চারপাশে একধরনের মানসিক দেয়াল তৈরি করে। আন্তরিকতার বদলে গুরুত্ব পায় দক্ষতা, হৃদয়ের সংযোগের বদলে সামাজিক অবস্থান এবং স্বাভাবিক অনুভূতির বদলে নিজেকে সব সময় ভালো রাখার অভিনয়।

এই পরিবর্তন শুধু মুসলিমদের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং পুরো সমাজের জীবনযাত্রার সঙ্গে সম্পর্কিত। লেখকের মতে, বেঁচে থাকার প্রতিযোগিতায় টিকে থাকতে গিয়ে মানুষ কখনো কখনো ভুলে যায়, জীবনের গভীরতা ও প্রকৃত প্রশান্তি কোথায়।

মসজিদেও কি জায়গা করে নিচ্ছে দুনিয়াবি প্রতিযোগিতা?

স্থানীয় মসজিদগুলোর পরিবেশ নিয়ে প্রত্যাশা ছিল, মসজিদ হবে এমন একটি স্থান, যেখানে বাইরের জীবনের চাপ থেকে মুক্ত হয়ে মানুষ আল্লাহর নৈকট্য অনুভব করতে পারবে। কিন্তু বাইরের সমাজের ব্যস্ততা ও প্রতিযোগিতার প্রভাব অনেক সময় মসজিদের ভেতরেও রয়ে যায়।

মানুষ নামাজে দাঁড়াচ্ছেন, পরস্পরকে সালাম দিচ্ছেন, ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিচ্ছেন; কিন্তু এসবের মধ্যেও আন্তরিক যোগাযোগের অভাব অনুভূত হতে পারে। কেউ হয়তো শারীরিকভাবে ইবাদতে উপস্থিত, অথচ তার মন পড়ে আছে কাজের চাপ, পারিবারিক দায়িত্ব কিংবা ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায়।

এর অর্থ এই নয় যে মানুষ আল্লাহকে ভালোবাসেন না বা ধর্মের প্রতি তাদের আগ্রহ নেই। বরং দৈনন্দিন জীবনের চাপ তাদের মানসিকভাবে এমন ক্লান্ত করে তুলছে যে ইবাদতের মধ্যেও প্রশান্তি খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ে।

ফলে মসজিদ কখনো কখনো আত্মিক প্রশান্তির স্থানের বদলে বাইরের ব্যস্ত জীবনে ফিরে যাওয়ার আগে সাময়িক বিরতি নেওয়ার জায়গায় পরিণত হয়। ধর্মীয় দায়িত্ব পালন করা হয়, কিন্তু সেই ইবাদত মানুষের হৃদয়কে কতটা কোমল করছে, তা নিয়ে প্রশ্ন থেকে যায়।

মানুষের ভিড়েও একাকিত্ব

এই সংকটের সবচেয়ে বেদনাদায়ক দিক হলো—মানুষের চারপাশে অনেক লোক থাকা সত্ত্বেও তাঁর একা অনুভব করা। বড় সমাবেশ, ধর্মীয় অনুষ্ঠান, ব্যস্ত সামাজিক জীবন কিংবা পরিপূর্ণ কর্মসূচি—এসবের কোনোটিই প্রকৃত সম্পর্কের নিশ্চয়তা দেয় না। অনেক সময় মানুষ একসঙ্গে থাকলেও একে অন্যের অনুভূতি, ভয়, আশা কিংবা মানসিক ক্লান্তি সম্পর্কে জানার সুযোগ পায় না।

মানুষের ভিড়ে থেকেও কখনো কখনো একা বাড়িতে থাকার চেয়েও বেশি নিঃসঙ্গতা অনুভব করেছেন। কথোপকথন ঘুরেফিরে চাকরি, সন্তানদের স্কুল, বাড়ি, অর্জন ও সামাজিক সাফল্যের মধ্যেই সীমাবদ্ধ থেকেছে। মানুষের হৃদয়ের অবস্থা নিয়ে কথা বলার সুযোগ যেন ক্রমেই কমে এসেছে।

এমন পরিস্থিতিতে ধর্মীয় সম্প্রদায়ের অংশ হয়েও কারও মনে হতে পারে, তিনি সেখানে পুরোপুরি আপন নন। নিজের কষ্ট বা দুর্বলতার কথা প্রকাশ করার মতো মানুষ খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ে। তবে এই একাকিত্বকে ব্যক্তিগত ব্যর্থতা হিসেবে দেখা নয়। এটি এমন এক সামাজিক পরিবেশের লক্ষণ, যেখানে মানুষ মানসিকভাবে অতিরিক্ত চাপে থাকে এবং অন্যের জন্য সময়, মনোযোগ ও আবেগ দেওয়ার সক্ষমতা হারিয়ে ফেলে।

কেমন হওয়া উচিত একটি আদর্শ মুসলিম সম্প্রদায়?

বর্তমান পরিস্থিতির বিপরীতে এমন একটি মুসলিম সম্প্রদায়ের কল্পনা করা যায়, যেখানে মানুষকে নিজের যোগ্যতা প্রমাণ করে গ্রহণযোগ্যতা অর্জন করতে হবে না। মসজিদ হবে এমন এক আশ্রয়, যেখানে ক্লান্ত মানুষ নীরবে বসে থাকলেও নিজেকে অবহেলিত মনে করবেন না। কেউ মানসিক সংকটে থাকলে তাকে দুর্বল বা ধর্মীয়ভাবে ব্যর্থ হিসেবে বিচার করা হবে না। বরং তার প্রয়োজন অনুযায়ী সহমর্মিতা ও সহযোগিতা দেওয়া হবে।

এমন সম্প্রদায়ে কথোপকথনের কেন্দ্রবিন্দু হবে না শুধু পেশাগত সাফল্য, সম্পদ কিংবা সামাজিক অবস্থান। মানুষ একে অন্যের আশা, ভয়, দুঃখ, সংশয় ও আত্মিক অবস্থার কথাও শুনবে। আন্তরিকতা ও দুর্বলতা প্রকাশের সুযোগ মানুষের মধ্যে প্রকৃত সম্পর্ক গড়ে তোলে। নিজের সবকিছু ঠিক আছে—এমন অভিনয় না করেও যখন কেউ অন্যদের কাছে গ্রহণযোগ্য হতে পারেন, তখনই সম্প্রদায় সত্যিকারের আপন হয়ে ওঠে। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর আদর্শে গড়ে ওঠা মুসলিম সমাজের ভিত্তি হওয়া উচিত দয়া, সহমর্মিতা ও পারস্পরিক সহযোগিতা; একে অন্যকে ছাড়িয়ে যাওয়ার প্রতিযোগিতা নয়।

ঈমান কি মানুষকে আরো কোমল করে তুলছে?

ধর্মীয় বিশ্বাস মানুষের আচরণে কী পরিবর্তন আনছে। নামাজ, ইবাদত ও ধর্মীয় কার্যক্রমে অংশ নেওয়া গুরুত্বপূর্ণ হলেও সেগুলোর প্রভাব মানুষের হৃদয় ও সম্পর্কের মধ্যে প্রতিফলিত হওয়াও জরুরি। ঈমানের একটি গুরুত্বপূর্ণ ফল হওয়া উচিত মানুষের মধ্যে দয়া, আন্তরিকতা ও অন্যের কষ্ট বোঝার ক্ষমতা বৃদ্ধি পাওয়া। অথচ সামাজিক প্রতিযোগিতা ও জীবনযাত্রার চাপ যদি মানুষকে আরও কঠোর, আত্মকেন্দ্রিক এবং অন্যের অনুভূতির প্রতি উদাসীন করে তোলে, তাহলে সেই পরিবেশ নিয়ে নতুন করে ভাবার প্রয়োজন রয়েছে।

এ কারণে এমন এক ধর্মীয় পরিবেশের প্রয়োজনীয়তা রয়েছে, যেখানে মানুষ শুধু পাশাপাশি ইবাদত করবে না; বরং একে অন্যের খোঁজও নেবে। কেউ দীর্ঘদিন অনুপস্থিত থাকলে তার খবর নেওয়া হবে, কেউ বিপদে পড়লে পাশে দাঁড়ানো হবে এবং কারও দুর্বলতা প্রকাশ পেলে তাকে বিচার না করে সহযোগিতা করা হবে।

ঠিকানা নয়, আত্মার প্রশান্তিই প্রকৃত আপন জায়গা

আগে মনে হতো, অন্যরা হয়তো এমন একটি আপন জায়গা পেয়েছেন, যা তিনি খুঁজে পাননি। কিন্তু এখন উপলব্ধি হচ্ছে, প্রকৃত অন্তর্ভুক্তি শুধু কোনো নির্দিষ্ট এলাকার বাসিন্দা হওয়া কিংবা একটি সম্প্রদায়ের অংশ হওয়ার বিষয় নয়। বরং এটি আত্মার এমন একটি অবস্থা, যেখানে মানুষ নিজেকে গ্রহণযোগ্য ও নিরাপদ মনে করে। যেখানে নিজের ক্লান্তি, আশা কিংবা দুর্বলতা আড়াল না করেও অন্যদের সঙ্গে সম্পর্ক বজায় রাখা যায়।

বার্গেন কাউন্টি হয়তো তার প্রত্যাশিত আত্মিক আশ্রয় হয়ে উঠবে না। তবে এই অভিজ্ঞতা তাকে বুঝতে সাহায্য করেছে, প্রকৃত আন্তরিকতা, সঙ্গ ও কোমলতা তার কাছে কতটা গুরুত্বপূর্ণ। একাকিত্ব ও অপ্রাপ্তির অনুভূতিকে সব সময় শাস্তি হিসেবে দেখার প্রয়োজন নেই। কখনো কখনো এই অনুভূতিই মানুষকে এমন সম্পর্ক ও পরিবেশের দিকে এগিয়ে যেতে সাহায্য করে, যেখানে সে নিজের বিশ্বাস ও অনুভূতির সঙ্গে আরো গভীরভাবে সংযুক্ত হতে পারে।

মানুষ যখন চারপাশে কাঙ্ক্ষিত আন্তরিকতা খুঁজে পায় না, তখনও নিজের হৃদয়ের যত্ন নেওয়া, সত্যবাদী থাকা এবং অন্যের প্রতি কোমল আচরণ বজায় রাখা জরুরি। কারণ প্রকৃত আত্মিক প্রশান্তি কেবল কোনো নির্দিষ্ট স্থানে পৌঁছানোর মধ্যে সীমাবদ্ধ নয়; এটি মানুষের বিশ্বাস, সম্পর্ক ও হৃদয়ের অবস্থার সঙ্গেও গভীরভাবে জড়িত।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...