ভারতের বিরোধী দলগুলোর নেতাদের চায়ের আমন্ত্রণ জানিয়েছেন লোকসভায় বিরোধীদলীয় নেতা ও কংগ্রেস নেতা রাহুল গান্ধী। মঙ্গলবার নিজের বাসভবনে ইন্ডিয়া জোটের নেতাদের পাশাপাশি বিরোধী দলের সংসদ সদস্য, ছাত্র সংগঠন ও সুশীল সমাজের প্রতিনিধিদের আমন্ত্রণ জানান তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে রাহুল গান্ধী এ তথ্য জানান। তিনি লেখেন, ‘আজ আমি আমার বাড়িতে ইন্ডিয়া জোটের নেতাদের, বিরোধী দলের সংসদ সদস্যদের, ছাত্র সংগঠনগুলোকে এবং সুশীল সমাজের বন্ধুদের চায়ের আমন্ত্রণ জানিয়েছি।’
পোস্টে রাহুল আরো বলেন, গণতন্ত্র রক্ষার এই গণআন্দোলনে সবাই ঐক্যবদ্ধ রয়েছেন এবং আন্দোলন অব্যাহত থাকবে। চা পানের এই আয়োজন শেষে নেতারা সংবাদমাধ্যমের সঙ্গেও কথা বলবেন বলে জানিয়েছেন তিনি।
এদিকে ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে সরব হয়েছেন রাহুল গান্ধীসহ বিরোধী দলগুলোর নেতারা। নির্বাচন কমিশনের কার্যক্রম নিয়ে প্রকাশিত একটি প্রতিবেদনকে কেন্দ্র করে এ দাবি উঠেছে।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস–এর এক প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) অভিযান চলাকালে নির্বাচন কমিশনের নেওয়া অনেক সিদ্ধান্ত সম্পর্কে অন্য নির্বাচন কমিশনারদের জানানো হয়নি। প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, দুই নির্বাচন কমিশনার এসব সিদ্ধান্তের বিরোধিতা করেছিলেন।
প্রতিবেদনটি সামনে আসার পর নির্বাচন কমিশনের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী নেতারা। এরই ধারাবাহিকতায় প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবি জানিয়ে আসছেন তারা।
রাহুল গান্ধীর চা-আড্ডার আয়োজনকে ঘিরে বিরোধী দলগুলোর নেতাদের পাশাপাশি ছাত্র সংগঠন ও সুশীল সমাজের প্রতিনিধিদের অংশগ্রহণের বিষয়টিও গুরুত্ব পাচ্ছে। তবে বৈঠকে কী কী বিষয়ে আলোচনা হবে, সে সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি তিনি।
এআরবি
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

