সিরিয়ার রাজধানী দামেস্কে বিমান হামলা চালিয়ে ১১ জনকে হত্যা করেছে ইসরাইল।
রোববার দামেস্কের উপকণ্ঠে এ হামলা চালায় ইসরাইলি বাহিনী। ব্রিটেনভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ তথ্য জানিয়েছে।
সংস্থাটি এক বিবৃতিতে জানায়, রাজধানীর উত্তর-পূর্বে শিল্প শহর আদ্রার কাছে আসাদ বাহিনীর একটি অস্ত্রের ডিপোকে লক্ষ্য করে হামলা চালায় ইসরাইল। এতে অন্তত ১১ জন নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। বাশার আল-আসাদের ক্ষমতাচ্যুত হওয়ার পরও ইসরাইল সিরিয়ার অস্ত্র এবং সামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু করে হামলা অব্যাহত রেখেছে।
এদিকে, এ হামলার বিষয়ে ইসরাইলি সেনাবাহিনী কোনো মন্তব্য করেনি।
২০১১ সালে দেশটির অভ্যুত্থান-গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে সিরিয়ার ওপর শত শত বিমান হামলা চালিয়েছে ইসরাইল, খুব কমই এসব হামলার দায় স্বীকার করেছে তেল আবিব। ইসরাইলের দাবি, তাদের লক্ষ্যবস্তু ইরান-সমর্থিত গোষ্ঠী যারা আসাদকে সমর্থন করেছিল।
অন্যদিকে, আসাদকে ক্ষমতাচ্যুত করা সিরিয়ার বিরোধীরা এরই মধ্যে ইসরাইলকে বিমান হামলা বন্ধ করার দাবি জানিয়েছে।
কিন্তু ইসরাইল সেই সিরিয়ার শান্তি ও স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলে দিয়েছে।
অন্যদিকে সিরিয়ায় নতুন নির্বাচন অনুষ্ঠিত হতে ৪ বছর পর্যন্ত সময় লাগতে পারে বলে মন্তব্য করেছেন সিরিয়ার ডি ফ্যাক্টো আহমেদ আল-শারা। যিনি আর আগে আবু মোহাম্মদ আল-জোলানি নামে পরিচিত ছিলেন। আসাদকে ক্ষমতাচ্যুত করার পর তিনি প্রথমবারের মতো একটি সম্ভাব্য নির্বাচনী সময়সূচি সম্পর্কে মন্তব্য করেছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

