ইউক্রেন শান্তি আলোচনা দ্রুত অগ্রগতি না হলে সরে আসবে আমেরিকা

ইউক্রেন শান্তি আলোচনা দ্রুত অগ্রগতি না হলে সরে আসবে আমেরিকা

তিন বছরেরও বেশি সময় ধরে ইউক্রেনে অব্যাহত আগ্রাসন চালিয়ে যাচ্ছে রাশিয়া। একবারের জন্যও যুদ্ধবিরতি হয়নি ইউক্রেনে। রাশিয়ার এই আগ্রাসনে প্রাণ হারিয়েছে ইউক্রেনের হাজারো মানুষ। বাস্তুচ্যুত হয়েছে কয়েক লাখ। চলতি বছর দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর এই যুদ্ধ বন্ধের উদ্যোগ নিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে কয়েক দফা আলোচনাও হয়েছে। যথারীতি মস্কো ও ইউক্রেনের ওপর চাপও দিয়েছেন তিনি। কিন্তু এখন পর্যন্ত যুদ্ধ বন্ধের বিষয়ে কোনো সুরাহা করতে পারেননি তিনি।

স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, তিনি দ্রুত শান্তিচুক্তি করতে চান। তবে মস্কো বা কিয়েভ যদি শান্তিচুক্তিতে পৌঁছানোর বিষয়টি ‘অত্যন্ত কঠিন’ করে তোলে, তাহলে আমেরিকা এই আলোচনার মধ্যস্থতাকারীর ভূমিকা থেকে সরে আসবে। এই চুক্তি একটি নির্দিষ্ট দিনের মধ্যে হবে বলে মনে করেন না ট্রাম্প। তবে এটি দ্রুত সম্পন্ন হোক- এমনটা আশা তার।

বিজ্ঞাপন

এদিকে, এই শান্তি আলোচনা থেকে আমেরিকার সরে যাওয়ার বিষয়ে সতর্ক করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। গত বৃহস্পতিবার প্যারিসে ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠকের পর রুবিও বলেন, আমেরিকা সপ্তাহের পর সপ্তাহ বা মাসব্যাপী এ নিয়ে কাজ করবে না। কদিনের মধ্যে এ বিষয়ে কোনো অগ্রগতি না হলে আমেরিকা আলোচনা বন্ধ করে দেবে। যুদ্ধ পরিস্থিতি একইরকম থাকবে। কারণ, ট্রাম্প প্রশাসনের কাছে আরো অনেক অগ্রাধিকারমূলক কাজ রয়েছে, যেগুলোতে তারা মনোযোগ দিতে চান। রুবিওর এ মন্তব্যের মাত্র কয়েক ঘণ্টা পরই ট্রাম্প তার সিদ্ধান্তের কথা গণমাধ্যমকে জানিয়েছেন।

অন্যদিকে, ইতালির রোমে প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বৈঠকে ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স বিষয়টি নিয়ে বেশ ইতিবাচক মনোভাব পোষণ করেছেন। তিনি বলেন, আলোচনা নিয়ে এখনই হতাশ হওয়ার কিছু নেই। কারণ, এখনো কিছুটা সময় আছে বিষয়টিকে সামনে এগিয়ে নেওয়ার। ভয়াবহ এই যুদ্ধ দ্রুতই শেষ হবে বলে আশাবাদী তিনি।

এরই মধ্যে ইউক্রেনের জ্বালানি স্থাপনায় ৩০ দিনের জন্য হামলা বন্ধ রেখেছিল রাশিয়া। সে সময়কালও শেষ হয়েছে। গত মাসে আমেরিকার মধ্যস্থতায় মস্কো কিয়েভের জ্বালানি অবকাঠামোতে হামলা বন্ধের বিষয়ে সম্মত হয়েছিল। কিন্তু উভয় পক্ষই সেই শর্ত ভঙ্গের অভিযোগ করেছে।

ট্রাম্প ও রুবিওর মন্তব্য এমন সময়ে এসেছে যখন ইউক্রেনের ওপর রাশিয়ার হামলা অব্যাহত রয়েছে। শুক্রবার উত্তর-পূর্বাঞ্চলীয় শহর খারকিভ ও সুমিতে রাশিয়ার হামলায় দুজন নিহত হয়েছেন; আহত হয়েছে শতাধিক। তবে সম্ভাব্য যুদ্ধবিরতির বিষয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বেশ কয়েকটি শর্ত দিয়েছেন। এদিকে, পুতিনের সঙ্গে ট্রাম্পের সরাসরি কূটনীতি ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে তীব্র সমালোচনা করার বিষয়টি নিয়ে ন্যাটো মিত্রদের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন