নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন

ফিলিস্তিনপন্থিদের বিজয়ে স্পষ্ট ইসরাইলের সঙ্গে ডেমোক্র্যাটদের দূরত্ব

আন্তর্জাতিক ডেস্ক

ফিলিস্তিনপন্থিদের বিজয়ে স্পষ্ট ইসরাইলের সঙ্গে ডেমোক্র্যাটদের দূরত্ব

নিউ ইয়র্ক শহরের ডেমোক্রেটিক পার্টির প্রাইমারিতে মঙ্গলবার এমন তিন রাজনীতিবিদ নির্বাচিত হয়েছেন, যারা নিয়মিতভাবে ইসরাইলের সমালোচনা করে আসছেন। এর মাধ্যমে ইহুদি রাষ্ট্রটির প্রতি ডেমোক্রেটিক পার্টির সন্দেহের নতুন যুগ শুরুর ইঙ্গিত দেওয়া হয়েছে।

এ ফলাফল উদার রাজনৈতিক ধারায় গুরুত্বপূর্ণ পরিবর্তনকে প্রতিফলিত করছে। ডেমোক্র্যাট ভোটাররা এখন ইসরাইলের কর্মকাণ্ডে আরো সমালোচনাপ্রবণ। এটি তাদের আগের সমর্থনসূচক অবস্থান থেকে বড় ধরনের পরিবর্তন। যদিও এখনো উচ্চপর্যায়ের অনেক ডেমোক্র্যাট রাজনীতিবিদ ইসরাইলের সমর্থক; তবে বিভিন্ন পর্যায়ের ডেমোক্র্যাটদের মধ্যে তেল আবিবের প্রতি সমর্থন কমছে।

বিজ্ঞাপন

বিজয়ী হওয়া ব্রাড ল্যান্ডার, ক্লেয়ার ভ্যালডিজ ও ডারিয়ালিজা আভিলা শ্যাভালিয়ারকে নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি সমর্থন জানিয়েছিলেন। মামদানির রাজনৈতিক উত্থানই হয়েছে ফিলিস্তিনি অধিকার আন্দোলনের পক্ষে অ্যাক্টিভিজম থেকে। গত সপ্তাহে প্রার্থীদের নিয়ে র‌্যালিতে তিনি ইসরাইলি সমর্থকদের সমালোচনা করেন। মামদানি বলেন, ইসরাইলপন্থি সংগঠনগুলো এমন এক ‘দানব’ দলের অংশ, যারা আমেরিকার রাজনীতিতে এখনো প্রচণ্ড ক্ষমতাশালী।

নিউ ইয়র্কের হারলেমে মঙ্গলবার রাতে যখন আভিলা শ্যাভালিয়ারের বিজয়-পরবর্তী সমাবেশ করা হয়, সেখানে তার সমর্থকরা ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দিয়েছেন। আভিলা তার ভাষণে স্পষ্ট ঘোষণা দেন যে, ডেমোক্র্যাটদের মধ্যে পরিবর্তন হচ্ছে। তিনি বলেন, ‘আজ আমরা স্পষ্ট করেছি, পুরোনো রাজনীতির দিন শেষ হয়ে এসেছে।’

চলতি বছরের মধ্যবর্তী নির্বাচনে ভোটারদের মতামত বদলে দিতে ইসরাইলপন্থি গ্রুপগুলো বিপুল পরিমাণ অর্থ খরচ করছে। আমেরিকান ইসরাইল পাবলিক অ্যাফেয়ার্স কমিটি (আইপ্যাক) মঙ্গলবার জানিয়েছে, তাদের সমর্থন দেওয়া ১৮০ ডেমোক্র্যাট ও রিপাবলিকান দলীয় রাজনীতিবিদ নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনের প্রার্থিতা নিশ্চিত করেছেন। কিন্তু এ সাফল্য সত্ত্বেও আইপ্যাক অনেকটাই আত্মরক্ষামূলক গতিতে তাদের কার্যক্রম চালাচ্ছে।

সাম্প্রতিক জনমত জরিপে দেখা যাচ্ছে, ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় ইসরাইলি আগ্রাসন শুরুর পর থেকেই ডেমোক্র্যাটদের মধ্যে ইসরাইলের প্রতি সমর্থন ধারাবাহিকভাবেই কমে যাচ্ছে। নিউ ইয়র্ক টাইমস/সিয়েনার সাম্প্রতিক জরিপে দেখা যায়, ৬০ শতাংশ ডেমোক্র্যাট ইসরাইলের বিপরীতে ফিলিস্তিনিদের প্রতিই বেশি সহানুভূতিশীল। এর বিপরীতে মাত্র ১৫ শতাংশ জানান, তারা ইসরাইলের প্রতি বেশি সহানুভূতিশীল।

মেরিল্যান্ডের ডেমোক্র্যাট সিনেটর ক্রিস ভ্যান হোলেন বলেন, আরো বেশি ডেমোক্র্যাট এখন স্পষ্টভাবে বলছেন যে, ইসরাইল সরকারকে আমেরিকার করদাতাদের অর্থে নিঃশর্ত সহায়তা দেওয়া উচিত নয়। তিনি আশা প্রকাশ করেন, আগামী কংগ্রেসে ইসরাইলকে ‘স্বয়ংক্রিয় ও নিঃশর্ত সমর্থন’দেওয়ার প্রবণতা কমে আসবে।

নিউ ইয়র্কের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ছিল ব্রুকলিনের বর্তমান কংগ্রেসম্যান ড্যান গোল্ডম্যান এবং সাবেক সিটি কম্পট্রোলার ব্র্যাড ল্যান্ডারের মধ্যে। দুজনই নিজেদের উদারপন্থি জায়নিস্ট হিসেবে পরিচয় দিলেও ল্যান্ডার নির্বাচনি প্রচারে গোল্ডম্যানকে ইসরাইল বিষয়ে যথেষ্ট সমালোচনামুখর না হওয়ার অভিযোগে আক্রমণ করেন। শেষ পর্যন্ত তিনি বড় ব্যবধানে জয় পান।

অন্যদিকে সবচেয়ে বেশি আলোচিত বিজয় অর্জন করেন ডারিয়ালিজা আভিলা শ্যাভালিয়ার। তিনি দীর্ঘদিনের কংগ্রেস সদস্য এবং ইসরাইলের দৃঢ় সমর্থক আদ্রিয়ানো এসপাইলাতকে পরাজিত করেন। আভিলা শ্যাভালিয়ার অতীতে পশ্চিম তীরে বসবাসের অভিজ্ঞতা এবং ফিলিস্তিনপন্থি কর্মকাণ্ডের কারণে আলোচনায় ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন