ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও এর সদস্য রাষ্ট্রগুলোর ৪০৪ জন সাবেক মন্ত্রী, রাষ্ট্রদূত ও জ্যেষ্ঠ কর্মকর্তা ইসরাইলের বিরুদ্ধে কঠোর ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। গাজা, পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে আন্তর্জাতিক আইনের ধারাবাহিক লঙ্ঘন বন্ধে ইইউকে নিন্দার গণ্ডি ছাড়িয়ে বাস্তব উদ্যোগ নেওয়ার দাবি জানানো হয়েছে। খবর আনাদোলু এজেন্সির।
সোমবার প্রকাশিত এক যৌথ বিবৃতিতে স্বাক্ষরকারীরা বলেন, ইইউ ও এর সদস্য দেশগুলোকে প্রতীকী বক্তব্যে সীমাবদ্ধ না থেকে সুসংহত ও ধারাবাহিক পদক্ষেপ নিতে হবে। প্রস্তাবিত ব্যবস্থার মধ্যে রয়েছে ইইউ–ইসরাইল অ্যাসোসিয়েশন চুক্তি স্থগিত করা এবং ইসরাইলে সব ধরনের সামরিক সহায়তা বন্ধ করা।
বিবৃতিতে আরও বলা হয়, ইইউর প্রতিষ্ঠাকালীন মূল্যবোধ ও নীতির ভিত্তিতে দৃঢ় অবস্থান নেওয়া জরুরি—যাতে শান্তি ও কল্যাণের পক্ষে একটি বিশ্বাসযোগ্য শক্তি হিসেবে ইউনিয়নের সুনাম পুনরুদ্ধার করা যায়।
স্বাক্ষরকারীরা সতর্ক করে জানান, আন্তর্জাতিক শান্তি উদ্যোগ শুরু হলেও গাজায় মানবিক ও নিরাপত্তা পরিস্থিতি ক্রমেই অবনতি ঘটছে। তারা চলমান ইসরাইলি সামরিক অভিযান, মানবিক সহায়তায় বাধা সৃষ্টি এবং বেসামরিক মানুষ ও ত্রাণকর্মীদের লক্ষ্যবস্তু করার অভিযোগ তুলে ধরেন।
এছাড়া মানবিক সহায়তা প্রবেশে ইসরাইলের চলমান বিধিনিষেধের নিন্দা জানিয়ে রাফাহ সীমান্ত ক্রসিং সম্পূর্ণ ও স্থায়ীভাবে খুলে দেওয়ার আহ্বান জানানো হয়। ত্রাণ সরবরাহ আটকে দিতে তথাকথিত ‘ডুয়াল-ইউজ’ নীতির অপব্যবহার বন্ধ করার দাবিও তোলা হয়।
এসআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

