ফ্রান্সের ২৭ পার্লামেন্ট সদস্য ও কর্মকর্তার ভিসা বাতিল ইসরাইলের

ফ্রান্সের ২৭ পার্লামেন্ট সদস্য ও কর্মকর্তার ভিসা বাতিল ইসরাইলের

সফরের আগেই ফ্রান্সের ২৭ পার্লামেন্ট সদস্য ও সরকারি কর্মকর্তার ভিসা বাতিল করেছে ইসরাইল। সোমবার ফ্রান্সের ইকোলজিস্ট পার্টি ও কমিউনিস্ট পার্টির এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনার মধ্যেই ইসরাইলের পক্ষ থেকে এ পদক্ষেপ নেওয়া হলো।

বিজ্ঞাপন

ফরাসি এ প্রতিনিধি দলটির মঙ্গলবার ইসরাইল সফরে যাওয়ার কথা ছিল। সফরে তারা ইসরাইল ও অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীর পরিদর্শন করতেন।

ইসরাইলি সংবাদমাধ্যম হারেৎজের খবরে জানানো হয়, এক মাস আগেই সফরের জন্য এ প্রতিনিধি দলকে ভিসা দেওয়া হয়েছিল।

ফরাসি বামপন্থি দুই দলের যৌথ বিবৃতিতে বলা হয়, ইসরাইল ‘সামগ্রিকভাবে শাস্তি’ দিতেই এ পদক্ষেপ নিয়েছে।

এতে বলা হয়, সফরের ৪৮ ঘণ্টা আগে ভিসা বাতিলের এ সিদ্ধান্ত ফ্রান্সের সঙ্গে ইসরাইলের কূটনৈতিক সম্পর্কের ভয়াবহ লঙ্ঘন।

এদিকে ইসরাইলি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ইসরাইলের বিরুদ্ধে তৎপরতা চালানো ব্যক্তিদের দেশটিতে প্রবেশে বাধা দেওয়ার আইন অনুসারেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন