আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বন্ডি হামলায় নিহত দুই হামলাকারীর একজন ভারতীয়: পুলিশ

আতিকুর রহমান নগরী

বন্ডি হামলায় নিহত দুই হামলাকারীর একজন ভারতীয়: পুলিশ

অস্ট্রেলিয়ার সিডনির বন্ডি সৈকতে সংঘটিত ভয়াবহ হামলার ঘটনায় নিহত দুই হামলাকারীর একজন যে ভারতীয় নাগরিক, তা নিশ্চিত করেছে ভারতীয় পুলিশ। মঙ্গলবার ভারতের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

পুলিশের বিবৃতি অনুযায়ী, নিহত ওই ব্যক্তির নাম সাজিদ আকরাম (৫০)। তিনি ভারতের হায়দরাবাদ থেকে অস্ট্রেলিয়ায় গিয়েছিলেন। হামলায় তাঁর সঙ্গে অংশ নেন তাঁর ছেলে নাভিদ আকরাম। এই ঘটনায় এখন পর্যন্ত সাজিদসহ মোট ১৬ জনের মৃত্যু হয়েছে। ঘটনাটিকে অস্ট্রেলিয়ার প্রায় তিন দশকের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী বন্দুক হামলা হিসেবে উল্লেখ করা হচ্ছে।

তেলেঙ্গানা রাজ্য পুলিশের তথ্যমতে, সাজিদ আকরাম হায়দরাবাদে বাণিজ্য বিষয়ে পড়াশোনা শেষ করে ১৯৯৮ সালের নভেম্বর মাসে কাজের উদ্দেশ্যে অস্ট্রেলিয়ায় যান। তাঁর পরিবারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। সম্পত্তি সংক্রান্ত বিষয় এবং বাবা–মায়ের সঙ্গে দেখা করার জন্য তিনি মোট ছয়বার অস্ট্রেলিয়া থেকে ভারতে এসেছিলেন।

ভারতীয় পুলিশ জানিয়েছে, সাজিদের পরিবার তাঁর মধ্যে কোনো ধরনের উগ্রবাদী মানসিকতার লক্ষণ দেখেনি। ভারত ছাড়ার আগে তাঁর বিরুদ্ধে পুলিশের কাছে কোনো অভিযোগ বা নেতিবাচক তথ্যও ছিল না। এছাড়া এই হামলার সঙ্গে ভারতের কোনো সংযোগ নেই এবং তেলেঙ্গানার স্থানীয় কোনো গোষ্ঠী বা প্রভাবের সংশ্লিষ্টতাও পাওয়া যায়নি।

এদিকে অস্ট্রেলিয়ার পুলিশ জানিয়েছে, গত মাসে সাজিদ আকরাম ভারতীয় পাসপোর্ট এবং তাঁর ছেলে নাভিদ অস্ট্রেলীয় পাসপোর্ট ব্যবহার করে ফিলিপাইনে ভ্রমণ করেছিলেন। ওই সফরের উদ্দেশ্য এখনো তদন্তাধীন। তারা কোনো সন্ত্রাসী সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন কি না বা সেখানে কোনো ধরনের প্রশিক্ষণ নিয়েছিলেন কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

হামলার পর ইহুদি সম্প্রদায়কে লক্ষ্য করে সন্ত্রাসী কার্যক্রমের সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। বন্ডাই সৈকতের এই ঘটনা অস্ট্রেলিয়া ও আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। তদন্তকারীরা হামলার পেছনের উদ্দেশ্য, আন্তর্জাতিক যোগাযোগ এবং সম্ভাব্য উগ্রবাদী সংশ্লিষ্টতার বিষয়গুলো খতিয়ে দেখছেন।

সূত্র : রয়টার্স

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...