হত্যার দায়ে তিন মেক্সিকান নাগরিকের ১৫৯ বছরের কারাদণ্ড

হত্যার দায়ে তিন মেক্সিকান নাগরিকের ১৫৯ বছরের কারাদণ্ড
ছবি: সংগৃহীত

মেক্সিকোর বাজা ক্যালিফোর্নিয়া উপকূলে অস্ট্রেলিয়ার দুই ভাই ও তাদের এক মার্কিন বন্ধুকে হত্যার দায়ে তিনজনকে ১৫৮ বছর ৯ মাস করে কারাদণ্ড দিয়েছেন আদালত। ২০২৪ সালে সার্ফিং করতে গিয়ে ওই তিনজন হত্যার শিকার হন।

বিজ্ঞাপন

শুক্রবার উপকূলীয় শহর এনসেনাদার একটি আদালত এ রায় দেন।

দণ্ডিত তিনজন হলেন হেসুস গেরার্দো গার্সিয়া। যিনি ‘এল কেকাস’ নামে পরিচিত। ইরিনেও ফ্রান্সিসকো ‘এন’ এবং অ্যাঞ্জেল হেসুস ‘এন’।

হত্যা, সহিংসতার মাধ্যমে ডাকাতি এবং সহিংসতার মাধ্যমে গাড়ি চুরির দায়ে তাদের সাজা দেওয়া হয়েছে। রায়ের এক সপ্তাহ আগে তাদের দোষী সাব্যস্ত করা হয়।

নিহত দুই অস্ট্রেলীয় ভাই হলেন ক্যালাম রবিনসন (৩৩) ও জেক রবিনসন (৩০)। তাদের মার্কিন বন্ধু জ্যাক কার্টার রোডের বয়স ছিল ৩০ বছর। ২০২৪ সালের এপ্রিলের শেষ দিকে তারা সার্ফিং করতে মেক্সিকোর এনসেনাদার কাছে পুন্তা সান হোসে এলাকায় যান। ২৭ এপ্রিল রাতে তারা সেখানে তাঁবু খাটিয়ে ছিলেন।

কয়েক দিন তাদের খোঁজ না পেয়ে অনুসন্ধান শুরু হয়। তল্লাশিতে যুক্ত হয় যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইও। কয়েক দিনের অনুসন্ধানের পর ৩ মে ১৫ মিটারের বেশি গভীর একটি কূপ থেকে তিনজনের লাশ উদ্ধার করা হয়। তাদের সবার মাথায় গুলির ক্ষত ছিল।

মেক্সিকোর অ্যাটর্নি জেনারেল তিন আসামির প্রত্যেকের ২১০ বছরের কারাদণ্ড চেয়েছিলেন। তবে আদালত তাদের প্রত্যেককে ১৫৮ বছর ৯ মাস করে কারাদণ্ড দেন।

স্থানীয় সার্ফারদের সংগঠনের সভাপতি আন্তোনিও ওতানেজ এ রায়কে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, ন্যায়বিচার হয়েছে। তবে হত্যাকাণ্ডের পর এলাকায় পর্যটকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে বলে জানান তিনি। বিশেষ করে সার্ফিং করতে আসা পর্যটকের সংখ্যা কমেছে।

নিহতদের বাবা মার্টিন রবিনসন গত সপ্তাহে বলেছিলেন, দোষী সাব্যস্ত করার রায় তার দুই ছেলে ও তাদের বন্ধুর জন্য ন্যায়বিচার পাওয়ার দীর্ঘ ও বেদনাদায়ক যাত্রায় একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত।

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন