যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ড মোতায়েন ও রাজধানীর পুলিশ বিভাগ ফেডারেল নিয়ন্ত্রণে নেওয়ার প্রতিবাদে বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ। স্থানীয় সময় শনিবার এ বিক্ষোভের আয়োজন করা হয়। খবর মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের।
মিছিলে ‘ডিসি দখল বন্ধ করো’ ও ‘ডিসির স্বরাষ্ট্র আইন রক্ষা করো’, ‘ডিসিকে মুক্ত করো ’ লেখা প্ল্যাকার্ড বহন করেন বিক্ষোভকারীরা। মেরিডিয়ান হিল পার্ক থেকে মিছিল নিয়ে হোয়াইট হাউজের কাছে ফ্রিডম প্লাজার দিকে এগিয়ে যান তারা। ওয়াশিংটন ডিসির নিয়ন্ত্রণ নেওয়াকে ট্রাম্পের কর্তৃত্ববাদী প্রচেষ্টা বলে অভিহিত করেছেন বিক্ষোভকারীরা।
গত আগস্টে প্রেসিডেন্ট ট্রাম্প ‘অপরাধ জরুরি অবস্থা’ ঘোষণা করে ফেডারেল সরকারকে ডিসির পুলিশ বিভাগের নিয়ন্ত্রণ নেওয়ার নির্দেশ দেন। ডিসিতে ফেডারেল আইন প্রয়োগকারী সংস্থা এবং ন্যাশনাল গার্ড সেনা মোতায়েন করার এ সিদ্ধান্ত এখানকার বাসিন্দাদের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি করেছে।
ট্রাম্প দাবি করেন, অপরাধ নিয়ন্ত্রণে আনতেই গত মাসে তিনি সেনা মোতায়েন করেছেন, যাতে আইন, শৃঙ্খলা ও জননিরাপত্তা পুনঃপ্রতিষ্ঠিত হয়।
এদিকে ডেমোক্র্যাটদের নেতৃত্বাধীন অন্যান্য শহরেও দমনপীড়নের হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে তিনি শিকাগো থেকে অভিবাসীদের বহিষ্কারের হুমকি দেন।
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


