ইসরাইলের তেল আবিব শহরের দক্ষিণে রিশোন লেজিয়োন এলাকায় ইরানের রকেট হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৮০ জনের বেশি। ইসরায়েলের জরুরি সেবা কর্তৃপক্ষের বরাত দিয়ে নিউজিল্যান্ড হেরাল্ড এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
শনিবার ভোরে চালানো হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ও কয়েকজন ব্যক্তি ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েছেন বলে জানায় জরুরি সেবা বিভাগ । ঘটনাস্থলে বিপুলসংখ্যক প্যারামেডিক সদস্যকে পাঠানো হয়েছে।
আয়ালন অঞ্চলের জরুরি সেবা বিভাগের উপ-পরিচালক রামি মুশার বলেন, এটি একটি কঠিন ও জটিল পরিস্থিতি। ভবনগুলোর ভেতর আরো কেউ কেউ আটকা পড়ে আছে কিনা তা নিশ্চিত হতে কাজ চলছে।
বার্তা সংস্থা রয়টার্সের একটি ভিডিওতে একটি বাড়ির ক্ষতিগ্রস্ত ছাদ এবং ঘটনাস্থলে উদ্ধারকর্মী এবং সামরিক কর্মীদের দেখা গেছে।
ইরানের পরমাণু ও সামরিক স্থাপনা লক্ষ্য করে গতকাল শুক্রবার ভোরে বড় আকারে বিমান হামলা চালায় ইসরাইল। এরপর থেকে ইসরাইলে পাল্টা হামলা চালাচ্ছে ইরান। ইসরাইলকে এই হামলার জন্য কঠিন শাস্তি পেতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

