গাজায় যুক্তরাষ্ট্র-সমর্থিত ত্রাণকেন্দ্রগুলোর আশপাশে ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের নিয়মিতভাবে হত্যা করছে ইসরাইলি বাহিনী— এমন অভিযোগ তুলেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।
শুক্রবার (১ আগস্ট) এক প্রতিবেদনে সংস্থাটি জানায়, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথভাবে পরিচালিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) ত্রাণ কার্যক্রম চালু হওয়ার পর থেকেই সহায়তা প্রত্যাশী মানুষের ওপর দখলদার সেনারা গুলি চালাচ্ছে।
হিউম্যান রাইটস ওয়াচের সংকট ও সংঘাতবিষয়ক সহপরিচালক বেলকিস উইলে বলেন, ‘জিএইচএফ পরিচালিত সামরিক নিয়ন্ত্রিত ত্রাণ বিতরণ ব্যবস্থা এক ভয়াবহ রক্তাক্ত প্রক্রিয়ায় পরিণত হয়েছে।’
জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনারের তথ্য অনুযায়ী, ২৭ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত জিএইচএফ-এর ত্রাণকেন্দ্রগুলোর কাছে খাবারের আশায় জড়ো হওয়া অন্তত ৮৫৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই ইসরাইলি সেনাদের গুলিতে মারা যান।
উইলের ভাষায়, ‘ইসরাইলি বাহিনী শুধু অনাহারে রাখছে না, বরং খাবারের সন্ধানে আসা মানুষদের প্রতিদিন গুলি করে হত্যা করছে।’
তবে ইসরাইল দাবি করেছে, তারা ইচ্ছাকৃতভাবে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে গুলি চালায় না এবং দুর্ঘটনা এড়াতে যথাসাধ্য চেষ্টা করছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

