ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে অযোগ্য ঘোষণা করতে দেশটির সুপ্রিম কোর্টে আবেদন করেছে একটি বেসরকারি সংস্থা। নেতানিয়াহু’র বিরুদ্ধে আইন লঙ্ঘনসহ আরো কয়েকটি অভিযোগ আনা হয়েছে। আবেদনটি করে বেসরকারি সংস্থা ডেমোক্রেটিক ফোর্ট্রেস। খবর মিডল ইস্ট মনিটরের।
বুধবার সংবাদমাধ্যম মারিভের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ডেমোক্রেটিক ফোর্ট্রেস তাদের আবদনে প্রতিরক্ষামূলক গণতন্ত্রের নীতির অধীনে নেতানিয়াহুকে অযোগ্য বলে গণ্য করার আহ্বান জানিয়েছে।
সমালোচকরা বলছেন, নেতানিয়াহু তার রাজনৈতিক লক্ষ্য অর্জনের জন্য বেআইনিভাবে তার নির্বাহী ক্ষমতা ব্যবহার করেছেন। যার মধ্যে রয়েছে শিন বেটের সাবেক প্রধান রোনেন বার এবং অ্যাটর্নি জেনারেল গালি বাহারভ-মিয়ারাকে বরখাস্ত করার প্রচেষ্টা। সেইসঙ্গে সুপ্রিম কোর্টের কর্তৃত্ব সীমিত করে আইন প্রণয়নের চেষ্টা করেছেন, এমন অভিযোগও রয়েছে নেতানিয়াহু’র বিরুদ্ধে।
মারিভের প্রতিবেদনে একে অসাধারণ আবেদন হিসেবে বর্ণনা করা হয়েছে। কারণ এতে নেতানিয়াহুকে প্রধানমন্ত্রী হিসেবে অযোগ্য ঘোষণা করার জন্য একাধিক আইনি বিষয় উপস্থাপন করা হয়েছে।
এ বিষয়ে এখন পর্যন্ত প্রধানমন্ত্রী নেতানিয়াহু’র কার্যালয় থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আদালত মামলাটিতে শুনানি করবে নাকি খারিজ করে দেবে তাও স্পষ্ট নয়।
ইসরাইলের সুপ্রিম কোর্ট এরআগে নেতানিয়াহুকে অপসারণের জন্য করা একটি আবেদন খারিজ করে দিয়েছিল।
নেতানিয়াহুর বিরুদ্ধে ঘুষ, জালিয়াতি এবং বিশ্বাসঘাতকতার অভিযোগে আদালতে মামলা চলমান রয়েছে। তবে নেতানিয়াহু তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে বলেছেন, ‘তাকে ক্ষমতাচ্যুত করার জন্য রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে এ মামলা দেওয়া হয়েছে।’
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



