মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপ সংক্রান্ত মামলা যাচ্ছে সুপ্রিম কোর্টে। সর্বোচ্চ আদালতে মুখোমুখি হচ্ছে ট্রাম্প প্রশাসন ও কয়েকটি অঙ্গরাজ্য ও ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান। ট্রাম্পের বৈশ্বিক শুল্ক আরোপের বৈধতা নিয়ে বুধবার শুনানি শুরু হবে। এই মামলার রায়ের দিকে তাকিয়ে আছে পুরো বিশ্ব। খবর বিবিসির।
এরআগে শুল্ক সংক্রান্ত নিম্ন আদালতের রায় দ্রুত বাতিলের অনুরোধ জানিয়ে সুপ্রিম কোর্টের কাছে আবেদন করে ট্রাম্পের প্রশাসন।
ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট সতর্ক করে বলেন, নিম্ন আদালতের রায় প্রশাসনের ‘উল্লেখযোগ্য দর কষাকষির ক্ষমতা’ কেড়ে নিয়েছে। এই রায় বহাল থাকলে এটি যুক্তরাষ্ট্রকে আর্থিকভাবে দুর্বল করে দেবে।
সুপ্রিম কোর্ট ট্রাম্পের পক্ষে রায় না দিলে শুল্ক বাবদ যুক্তরাষ্ট্র যে বিলিয়ন ডলার আয় করেছে, আপিল আদালতের রায় অনুযায়ী তা ফেরত দিতে হতে পারে।
এরআগে একটি মর্কিন আপিল আদালতের রায়ের বলা হয়, প্রেসিডেন্ট ট্রাম্প জরুরি অর্থনৈতিক ক্ষমতা ব্যবহার করে ব্যাপকভাবে শুল্ক আরোপের ক্ষেত্রে তার ক্ষমতার সীমা অতিক্রম করেছেন। তবে বিচারকরা আপিলের জন্য ট্রাম্পকে সময় দিতে মধ্য অক্টোবর পর্যন্ত শুল্ক বহাল রাখার অনুমতি দেন।
চলতি বছর দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে ফিরে আসার পর থেকে ট্রাম্প প্রায় সকল বাণিজ্যিক অংশীদারের ওপর ‘পারস্পরিক’ শুল্ক আরোপ করেছেন। আপিল আদালত রায় দিয়েছে, জরুরি আইন প্রয়োগ করে শুল্ক আরোপের ক্ষেত্রে ট্রাম্প তার ক্ষমতা লঙ্ঘন করেছেন। এই রায়ের ফলে ট্রাম্পের অন্যান্য বাণিজ্যিক চুক্তি, যেমন ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে করা চুক্তি নিয়েও প্রশ্ন উঠেছে।
ট্রাম্প এই লড়াইকে ‘ঐতিহাসিক’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি সতর্ক করে বলেছেন, যদি তিনি এই মামলায় হেরে যান, তাহলে তা তার বাণিজ্য আলোচনায় হাত-পা বেঁধে দেবে এবং জাতীয় নিরাপত্তাকেও বিপদের মুখে ফেলবে।’
সুপ্রিম কোর্টের বিচাপতিরা মামলার শুনানি শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। তবে ব্যক্তিগতভাবে শুনানিতে যোগ দেবেন না বলে বলে জানিয়েছেন ট্রাম্প। কারণ হিসেবে বলেন, তিনি কোনো বিভ্রান্তি সৃষ্টি করতে চান না।
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন




