আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ভুলে গ্রাহকদের কাছে ৪০ বিলিয়ন ডলারের বিটকয়েন প্রেরণ

আমার দেশ অনলাইন

ভুলে গ্রাহকদের কাছে ৪০ বিলিয়ন ডলারের বিটকয়েন প্রেরণ
ছবি: টিআরটি ওয়ার্ল্ড।

দক্ষিণ কোরিয়ার ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বিথাম্ব শনিবার জানিয়েছে, প্রমোশনাল রিওয়ার্ড দিতে গিয়ে ভুলবশত তারা গ্রাহকদের মধ্যে ৪০ বিলিয়ন ডলারেরও বেশি মূল্যের বিটকয়েন বিতরণ করে ফেলে। এতে এক্সচেঞ্জটিতে তাৎক্ষণিকভাবে বড় ধরনের চাপ তৈরি হয়।

বিথাম্ব জানায়, শুক্রবার এই ভুলটি ঘটে। পরে তারা ৬ লাখ ২০ হাজার বিটকয়েনের ৯৯ দশমিক ৭ শতাংশ পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে। বর্তমান বাজারদরে এসব বিটকয়েনের মূল্য প্রায় ৪৪ বিলিয়ন ডলার। ভুল বিতরণের ৩৫ মিনিটের মধ্যেই ক্ষতিগ্রস্ত ৬৯৫ জন গ্রাহকের ট্রেডিং ও উত্তোলন সীমিত করা হয়।

বিজ্ঞাপন

এক্সচেঞ্জটির পরিকল্পনা ছিল প্রমোশনাল ইভেন্টের অংশ হিসেবে প্রত্যেক ব্যবহারকারীকে ২ হাজার কোরিয়ান ওন বা তার বেশি নগদ পুরস্কার দেওয়া। কিন্তু প্রযুক্তিগত ত্রুটির কারণে নির্বাচিত গ্রাহকরা নগদের বদলে ন্যূনতম ২ হাজার বিটকয়েন করে পেয়ে যান বলে স্থানীয় গণমাধ্যমে জানানো হয়েছে।

এক বিবৃতিতে বিথাম্ব জানায়, এই ঘটনাটি কোনো ধরনের বাহ্যিক হ্যাকিং বা নিরাপত্তা লঙ্ঘনের সঙ্গে জড়িত নয়। সিস্টেম সিকিউরিটি কিংবা গ্রাহকের সম্পদ ব্যবস্থাপনায় কোনো সমস্যা নেই বলেও দাবি করে প্রতিষ্ঠানটি।

ঘটনার পর শুক্রবার সন্ধ্যায় বিথাম্ব এক্সচেঞ্জে বিটকয়েনের দাম সাময়িকভাবে ১৭ শতাংশ কমে ৮ কোটি ১১ লাখ ওনে নেমে আসে। পরে দাম কিছুটা ঘুরে দাঁড়ায় এবং সর্বশেষ লেনদেন হয় ১০ কোটি ৪৫ লাখ ওনের কাছাকাছি।

দক্ষিণ কোরিয়ার ক্রিপ্টো বাজারে বিথাম্বের চেয়ে এগিয়ে রয়েছে আপবিট। আপবিট দেশটির সবচেয়ে প্রভাবশালী ক্রিপ্টো এক্সচেঞ্জ হিসেবে পরিচিত।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন