বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম
প্রতীকী ছবি

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় আন্তর্জাতিক তেলের বাজারে নতুন করে অস্বস্তি দেখা দিয়েছে।

সোমবার শুরুর দিকে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ৩ শতাংশের বেশি বেড়েছে। বিশেষ করে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি পরিবহন ব্যাহত হওয়ায় তেলের এই ঊর্ধ্বগতি দেখা গেছে বলে আল জাজিরা জানিয়েছে।

বিজ্ঞাপন

ইরানের হামলায় দুই মার্কিন সেনা নিহত হওয়ার ঘটনায় তেহরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে টানা নবম রাতের মতো বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর জবাবে অন্তর্বর্তী শান্তি চুক্তির প্রতিশ্রুতি স্থগিত করেছে তেহরান। একই সঙ্গে তারা কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে কার্যত জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে।

এই পরিস্থিতিতে বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ২ দশমিক ৭৫ ডলার বা ৩ দশমিক ১২ শতাংশ বেড়ে ৯০ দশমিক ৮৫ ডলারে পৌঁছেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ২ দশমিক ৫৬ ডলার বা ৩ দশমিক ১০ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৫ দশমিক ৫ ডলারে উঠেছে।

বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহের প্রায় ২০ শতাংশ হরমুজ প্রণালির মাধ্যমে পরিবাহিত হয়। এই গুরুত্বপূর্ণ পথটি বাধাগ্রস্ত হওয়ায় বাজারে বড় ধরনের সরবরাহ সংকটের আশঙ্কা তৈরি হয়েছে।

বিশ্লেষকদের মতে, জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা এবং সমুদ্রপথে পরিবহনের বিমা খরচ বেড়ে যাওয়ায় আগামী দিনগুলোতে তেলের বাজারে এই অস্থিরতা বজায় থাকতে পারে।

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন