ইরান কবে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধ করবে, জানালেন আরাগচি

ইরান কবে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধ করবে, জানালেন আরাগচি
ছবি: সংগৃহীত

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, সামরিক ক্ষেত্রে ‘কৌশলগত প্রাধান্য’ নিশ্চিত করতে পারলেই যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধের অবসান ঘটাবে তেহরান। রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাগচি বলেন, সংকট ব্যবস্থাপনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হলো—কখন যুদ্ধ থামিয়ে আলোচনায় বসতে হবে, সেই সঠিক সময় নির্ধারণ করা।

তিনি বলেন, ‘যুদ্ধের অবসান ঘটে চূড়ান্ত সামরিক বিজয়ের মাধ্যমে, নয়তো আলোচনার মাধ্যমে। আলোচনায় বসার উপযুক্ত সময় তখনই আসে, যখন সামরিক ফ্রন্টে নির্ভরযোগ্য ও কৌশলগত সাফল্য অর্জিত হয়।’

বিজ্ঞাপন

আরাগচি আরো বলেন, ‘জনগণের জীবন এবং পুরো দেশের ভবিষ্যৎ নিয়ে কোনো ধরনের ঝুঁকি নেওয়া যায় না। তাই সব সিদ্ধান্তই সঠিক ও পূর্ণাঙ্গ হিসাব-নিকাশের ভিত্তিতে নিতে হবে।’

ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ভাষ্য, যুদ্ধ চালিয়ে যাওয়া দেশটির জন্য আরো সুফল বয়ে আনবে, নাকি মানবিক ও জাতীয় ক্ষতির পরিমাণ বাড়াবে—এ বিষয়টি রাজনৈতিক নেতৃত্বকে প্রতিনিয়ত বিবেচনায় রাখতে হয়।

তিনি দাবি করেন, ‘কিছু ক্ষয়ক্ষতি সত্ত্বেও এই যুদ্ধে আমরা আন্তর্জাতিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছি এবং রাষ্ট্রব্যবস্থার সক্ষমতা প্রদর্শন করেছি।’

সূত্র: আলজাজিরা

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন