মার্কিন ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার হওয়ার পথে হাকিম জেফরিস

মার্কিন ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার হওয়ার পথে হাকিম জেফরিস
ছবি: সিএনএন

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার নির্বাচিত হয়ে ইতিহাস গড়ার পথে ডেমোক্র্যাট নেতা হাকিম জেফরিস। আগামী জানুয়ারিতে স্পিকার নির্বাচিত হলে তিনিই হবেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার। তবে গুরুত্বপূর্ণ এই পদে বসার আগে দলীয় মতপার্থক্য ও নেতৃত্বের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে তাকে।

২০১৩ সালে কংগ্রেসে যোগ দেওয়ার পর থেকেই জেফরিসের নেতৃত্বের সম্ভাবনা দেখেছিলেন প্রবীণ কৃষ্ণাঙ্গ ডেমোক্র্যাট নেতারা। সাবেক কংগ্রেস সদস্য এডি বার্নি জনসন তখনই তাকে ভবিষ্যৎ নেতা হিসেবে চিহ্নিত করেন। পরে ন্যান্সি পেলোসির উত্তরসূরি হিসেবে জেফরিসকে প্রতিষ্ঠিত করার পরিকল্পনাও করেন তারা।

বিজ্ঞাপন

স্পিকার নির্বাচিত হলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শেষ দুই বছরে ডেমোক্র্যাটদের নেতৃত্ব দেবেন জেফরিস। ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে কঠোর নজরদারি ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি বড় ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধেও অবস্থান নিতে চান তিনি।

তার সম্ভাব্য এজেন্ডায় রয়েছে ধনীদের ওপর কর বৃদ্ধি, ন্যূনতম মজুরি উল্লেখযোগ্য হারে বাড়ানো, সুপ্রিম কোর্টের জন্য কঠোর নৈতিকতা বিধি প্রণয়ন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ন্ত্রণ। সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমানো ও স্বাস্থ্যসেবার সুযোগ সম্প্রসারণেও গুরুত্ব দিতে চান তিনি।

তবে দলের বামপন্থি ও তরুণ নেতাদের সমর্থন আদায় করা তার জন্য বড় চ্যালেঞ্জ। মেডিকেয়ার ফর অল এবং ইসরাইল ইস্যুতে জেফরিসের মধ্যপন্থি অবস্থান নিয়ে দলের প্রগতিশীল অংশের মধ্যে অসন্তোষ রয়েছে। অন্যদিকে, অতিরিক্ত বিতর্ক এড়িয়ে অর্থনীতি ও জীবনযাত্রার ব্যয়সংক্রান্ত ইস্যুতে মনোযোগী থাকতে চান মধ্যপন্থিরা।

দলীয় নেতৃত্বে প্রজন্মগত পরিবর্তনের চাপও বাড়ছে। কমিটির চেয়ারম্যানদের মেয়াদসীমা নির্ধারণের পরিকল্পনা করছে ডেমোক্র্যাটরা, যা দলটির দীর্ঘদিনের জ্যেষ্ঠতাভিত্তিক নেতৃত্ব কাঠামোয় বড় পরিবর্তন আনতে পারে।

সব মিলিয়ে, জেফরিসের সামনে প্রধান চ্যালেঞ্জ হবে দলের ভেতরের মতপার্থক্য সামলে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে কার্যকর বিরোধী ভূমিকা পালন করা এবং আগামী নির্বাচনে ডেমোক্র্যাটদের রাজনৈতিক অবস্থান শক্তিশালী রাখা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন