গাজায় ইসরাইলি বিমান হামলায় হামাসের শীর্ষ রাজনৈতিক নেতা সালাহ আল-বারদাওয়িল নিহত হয়েছেন। তবে ইসরাইলি কর্মকর্তারা তাৎক্ষণিক কোনো মন্তব্য করেননি। রোববার এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।
স্থানীয়রা বলছেন, ওই বিমান হামলায় হামাসের রাজনৈতিক দপ্তরের সদস্য বারদাওয়িল ও তার স্ত্রী নিহত হয়েছেন।
গত মঙ্গলবার থেকে ইসরাইলি সামরিক বাহিনী গাজায় ব্যাপক হামলা শুরু করেছে। গত ১৯ জানুয়ারি থেকে চলা দুই মাসের যুদ্ধবিরতি চুক্তি বাতিল ও হামাসকে দায়ী করে হামলাগুলো চালানো হচ্ছে। হামাস এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে এবং পাল্টা অভিযোগ করেছে যে, কাতার, মিসর এবং যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি ইসরাইলই লঙ্ঘন করেছে।
হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় গাজার বিভিন্ন স্থানে ইসরাইলি হামলায় ৩২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের এক নজিরবিহীন হামলার প্রতিক্রিয়ায় গাজায় অভিযান শুরু করে ইসরাইলি সামরিক বাহিনী।
হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, গাজায় ৪৯ হাজার ৫০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজা উপত্যকায় ব্যাপক ধ্বংসযজ্ঞের ফলে ঘরবাড়ি ও অবকাঠামো বিধ্বস্ত হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

