আন্তর্জাতিক বাজারে বুধবার জ্বালানি তেলের দাম এক শতাংশের বেশি বেড়েছে। ইসরাইল ইরানের পারমাণবিক স্থাপনাগুলোয় হামলার প্রস্তুতি নিচ্ছে- এমন খবরে মধ্যপ্রাচ্যে সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কায় দাম বেড়েছে জ্বালানি পণ্যটির।
এর মধ্য দিয়ে অপরিশোধিত (ক্রুড) জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম ব্যারেলপ্রতি ৭৯ সেন্ট বা এক দশমিক দুই শতাংশ বেড়ে ৬৬ ডলার ১৭ সেন্টে দাঁড়িয়েছে। অন্যদিকে মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৮২ সেন্ট বা এক দশমিক তিন শতাংশ বেড়েছে। এর মধ্য দিয়ে ডব্লিউটিআই ক্রুডের দাম বেড়ে ব্যারেলপ্রতি ৬২ ডলার ৮৫ সেন্টে দাঁড়িয়েছে।
আমেরিকার গোয়েন্দা তথ্যের বরাতে খবরে বলা হয়, ইসরাইল ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার প্রস্তুতি নিচ্ছে। যদিও ইসরাইলি নেতারা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন কি না- তা স্পষ্ট নয় বলেও খবরে উল্লেখ করা হয়েছে।
কমোডিটি বিশেষজ্ঞ প্রতিষ্ঠান আইএনজির বিশ্লেষকরা বলেন, ‘এমন উত্তেজনা শুধু ইরানের জ্বালানি তেল সরবরাহ নয়, বরং পুরো অঞ্চলের সরবরাহ শৃঙ্খলাকে ঝুঁকিতে ফেলতে পারে।
সুইজারল্যান্ডভিত্তিক বিনিয়োগ ব্যাংকিং কোম্পানি ইউবিএসের বিশ্লেষক জিওভান্নি স্তাওনোভো বলেন, ইরান প্রতিদিন ১৫ লাখ ব্যারেলের বেশি জ্বালানি তেল রপ্তানি করে। তাই সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কায় দাম বাড়তে সাহায্য করেছে।
উল্লেখ্য, ইরান তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেকের তৃতীয় বৃহত্তম উৎপাদক। ইসরাইল যদি হামলা চালায়, তাহলে দেশটি থেকে জ্বালানি তেল সরবরাহে বড় ধাক্কা লাগতে পারে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

