ইসরাইলে অস্ত্র বিক্রি বন্ধের পক্ষে রেকর্ড সংখ্যক ডেমোক্র্যাট

ইসরাইলে অস্ত্র বিক্রি বন্ধের পক্ষে রেকর্ড সংখ্যক ডেমোক্র্যাট

আন্তর্জাতিক অঙ্গনে গাজায় ইসরাইলি হামলার বিরুদ্ধে সমালোচনা বাড়ছে। এরমধ্যেই ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি বন্ধের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট। তবে প্রস্তাব প্রত্যাখ্যান হলেও ডেমোক্র্যাটিক পার্টির ভেতরে ইসরাইলে অস্ত্র বিক্রির বিরোধিতা ক্রমশ বাড়ছে। খবর আল জাজিরার।

ইসরাইলের কাছে বোমা এবং আগ্নেয়াস্ত্র বিক্রি বন্ধ করার জন্য সিনেটর বার্নি স্যান্ডার্স প্রস্তাব উত্থাপণ করেন।

বিজ্ঞাপন

ইসরাইলের কাছে ২০ হাজার স্বয়ংক্রিয় অ্যাসল্ট রাইফেল বিক্রি বন্ধ করার প্রস্তাবের পক্ষে ২৭ জন ডেমোক্র্যাট ভোট দিয়েছেন। আর ৬৭৫ মিলিয়ন ডলারের বোমা চালান বন্ধ করার পক্ষে ভোট দিয়েছেন ২৪ জন।

প্রস্তাব উত্থাপণ করেন ভারমন্টের সিনেটর বার্নি স্যান্ডার্স। এরআগে এপ্রিলে অস্ত্র সরবরাহ বন্ধ করার জন্য স্যান্ডার্সের একটি প্রস্তাব ১৫ জন ডেমোক্র্যাটের সমর্থন পায়। যেখানে নভেম্বরে একই ধরনের একটি প্রস্তাবের পক্ষে ছিলেন ১৮ জন ডেমোক্র্যাট। বুধবারের ভোটে দেখা গেছে, অস্ত্র বিক্রির বিরোধিতাকারী ডেমোক্র্যাটদের সংখ্যা বাড়ছে।

ভোটের আগে, স্বতন্ত্র সিনেটর স্যান্ডার্স বলেন, ওয়াশিংটন ইসরাইলের ‘বর্ণবাদী সরকার’ কে এমন অস্ত্র সরবরাহ করা চালিয়ে যেতে পারে না, যা নিরীহ মানুষকে হত্যা করার জন্য ব্যবহৃত হচ্ছে।

তিনি আরো বলেন, ‘নেতানিয়াহু একজন জঘন্য মিথ্যাবাদী। শিশুরা না খেয়ে মারা যাচ্ছে।’

স্যান্ডার্সের প্রস্তাবে সমর্থন দেওয়া সিনেটর প্যাটি মারে বলেছেন, প্রস্তাবগুলো নিখুঁত না হলেও, তিনি গাজার নিষ্পাপ শিশুদের অব্যাহত দুর্ভোগকে সমর্থন করতে পারেন না।

এক বিবৃতিতে তিনি বলেন, ‘ইসরাইলের দীর্ঘদিনের বন্ধু এবং সমর্থক হিসেবে, আমি হ্যাঁ ভোট দিচ্ছি। কারণ নেতানিয়াহু সরকার এই এভাবে চলতে পারে না।’

সিনেটের মারে আরো বলেন, ‘নেতানিয়াহু ক্ষমতায় থাকার জন্য এই যুদ্ধ দীর্ঘায়িত করেছেন। আমরা গাজায় মানবসৃষ্ট দুর্ভিক্ষ প্রত্যক্ষ করছি। সীমান্তের ওপারে যখন প্রচুর পরিমাণে সাহায্য ও সরবরাহ পড়ে আছে, তখন শিশু এবং পরিবারগুলোর অনাহার বা রোগে মারা যাওয়া উচিত নয়।’

মার্কিন জনগণের মধ্যেও গাজা যুদ্ধের বিরোধিতা ক্রমশ বাড়ছে। সেইসঙ্গে ডেমোক্র্যাটদের মধ্যেও ইসরাইলের প্রতি সমর্থন নিয়ে ক্রমবর্ধমান বিভক্তি দেখা দিয়েছে।

মঙ্গলবার প্রকাশিত গ্যালাপের এক জরিপে দেখা গেছে, মাত্র ৩২ শতাংশ মার্কিনি গাজায় ইসরাইলের সামরিক অভিযানকে সমর্থন করে।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন