ভারতীয় নাগরিকের চোখ থেকে দাঁত অপসারণ!

ভারতীয় নাগরিকের চোখ থেকে দাঁত অপসারণ!

ভারতের বিহার রাজ্যের পাটনার একটি মেডিক্যাল সাইন্স ইনিস্টিটিউটে এক রোগীর ডান চোখ থেকে দাঁত অপসারণ করা হয়েছে।

অস্ত্রোপচার করা হয় ১১ আগস্ট। চোখে দাঁত গজানোর ঘটনা খুবই বিরল।

বিজ্ঞাপন

চিকিৎসকরা জানিয়েছেন, এটি মানবদেহের বিকাশজনিত একটি অসঙ্গতির কারণে ঘটেছিল। শিশুর জন্মের সময়ে দাঁতের উপাদান (ডেন্টাল টিস্যু) চোখের কাছে অবস্থান করায় সেখানে দাঁত বিকশিত হয়।

ওই রোগী বর্তমানে সুস্থ আছেন। চিকিৎসক দলে ছিলেন ম্যাক্সিলোফেসিয়াল সার্জন প্রিয়ঙ্কর সিং, ওরাল মেডিসিন ও রেডিওলজি বিভাগের বিশেষজ্ঞরা এবং অ্যানেস্থেসিয়া বিভাগের চিকিৎসকরা।

কীভাবে চোখে দাঁত গজালো

ওএমআর বিভাগের প্রধান নিম্মি সিং বলেন, ‘দাঁত বিকাশের উপাদান শিশুর গর্ভে থাকা অবস্থায় যদি অস্বাভাবিক জায়গায় চলে যায়, তবে সে জায়গাতেই দাঁত গজাতে পারে। এ ক্ষেত্রে দাঁতটি চোখের ভেতরের অংশে, অর্থাৎ ‘ফ্লোর অফ দ্য অরবিট’-এ গজিয়েছে।’

চিকিৎসকরা এটিকে চিকিৎসা বিজ্ঞানের বিরলতম ঘটনার মধ্যে একটি হিসেবে উল্লেখ করেছেন।

ডা. প্রিয়ঙ্কর সিং জানিয়েছেন, ভারতে মাত্র দু’ থেকে তিনটি এমন ঘটনার কথা জানা গেছে। উদাহরণ হিসেবে তিনি উল্লেখ করেন ২০২০ সালে চেন্নাইয়ে সার্জন এসএম বালাজি এক রোগীর চোখের আশেপাশের শারীরবৃত্তীয় গুরুত্বপূর্ণ কাঠামোর কাছাকাছি দাঁত অপসারণ করেছিলেন।

ভবিষ্যতে এমন ‘এক্টোপিক টুথ’ আবার দেখা দিতে পারে কি?

ডা. প্রিয়ঙ্কর সিং বলেন, ‘এ ধরনের দাঁত আবার তৈরি হওয়ার কোনো সম্ভাবনা নেই। তবে রোগীর খোঁজখবর নিয়মিত নেয়া হয়। অস্ত্রোপচারের সময় সিস্টের অবশিষ্ট অংশ সতর্কতার সঙ্গে পুড়িয়ে দেয়া হয়েছে যাতে ভবিষ্যতে সংক্রমণ না হয়।’

রোগী বর্তমানে সুস্থ, যদিও সেলাইয়ের কারণে হাসা বা কথা বলায় সামান্য অসুবিধা আছে।

তিনি তার স্ত্রী ও সন্তানকে ফিরে পেতে উন্মুখ।

সূত্র: বিবিসি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন