ওয়াশিংটনকে কাবুল: এক ইঞ্চি মাটি নিয়েও চুক্তি সম্ভব নয়

ওয়াশিংটনকে কাবুল: এক ইঞ্চি মাটি নিয়েও চুক্তি সম্ভব নয়

আফগানিস্তানের তালেবান সরকার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, বাগরাম বিমান ঘাঁটি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের চুক্তি "সম্ভব নয়"। তালেবান সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চিফ অফ স্টাফ ফাসিহুদ্দিন ফিতরাত রোববার এক বিবৃতিতে বলেন, ‘আফগানিস্তানের এক ইঞ্চি মাটি নিয়ে চুক্তি সম্ভব নয়। আমাদের এর প্রয়োজন নেই।’

মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম আরব নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

এদিকে এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আফগানিস্তান যদি বাগরাম বিমান ঘাঁটির নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের কাছে ফিরিয়ে না দেয়, তাহলে দেশটির জন্য ‘খারাপ কিছু’ অপেক্ষা করছে। বিমান ঘাঁটিটি পুনরুদ্ধারের জন্য সেনা পাঠানোর সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি।

শনিবার ট্রাম্প তার সামজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে লেখেন ‘যদি আফগানিস্তান যুক্তরাষ্ট্রের তৈরি বাগরাম বিমান ঘাঁটি ফিরিয়ে না দেয়, তাহলে খারাপ কিছু ঘটতে চলেছে।’

তবে দেশটি কী পরিণতির মুখোমুখি হতে পারে সে সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি মার্কিন প্রেসিডেন্ট।

প্রসঙ্গত, যুক্তরাজ্যে রাষ্ট্রীয় সফরের সময় ট্রাম্প আফগানিস্তানের সঙ্গে একটি চুক্তির মাধ্যমে বাগরাম ঘাঁটির নিয়ন্ত্রণ ফেরত আনার বিষয়টি উত্থাপন করেন। এ প্রসঙ্গে প্রতিক্রিয়া জানিয়ে ফাসিহুদ্দিন ফিতরাত বলেন, “সম্প্রতি, কিছু লোক বলেছেন যে তারা বাগরাম বিমান ঘাঁটি ফিরিয়ে নেওয়ার জন্য আফগানিস্তানের সাথে আলোচনা করেছেন।” তবে তিনি জোর দিয়ে বলেন, এমন কোনো রাজনৈতিক চুক্তির কোনো সুযোগ নেই।

উল্লেখ্য, ২০০১ সালে তালেবান সরকারের পতনের পর মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর অন্যতম প্রধান ঘাঁটি ছিল। ২০২১ সালের জুলাই মাসে, ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় তালেবানের সঙ্গে চুক্তির অংশ হিসেবে মার্কিন ও ন্যাটো সেনা বাগরাম থেকে সম্পূর্ণভাবে প্রত্যাহার করে নেয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন