ইন্টারনেটের জগতে ছড়িয়ে পড়েছে চীনের নতুন প্রযুক্তির দুটি যুদ্ধবিমানের ছবি। আপাতদৃষ্টিতে বিমান দুটিতে রাডার ফাঁকি দিতে সক্ষম স্টিলথ প্রযুক্তির বৈশিষ্ট্য দেখা যাচ্ছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন, এগুলো স্পষ্টতই অত্যাধুনিক যুদ্ধবিমানের নকশা। তবে ছবিগুলো অস্পষ্ট হওয়ায় ও বিস্তারিত তথ্য না থাকায় সুনির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছাতে পারছেন না তারা।
শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, এই নিয়ে তারা চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছে। তবে চীনা কর্তৃপক্ষ কোনো প্রকার মন্তব্য করতে অস্বীকার করেছে।
তবে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ বলেছে, তারা এই বিষয় সম্পর্কে জানে। তবে চীনের সামরিক বাহিনী সম্পর্কিত মার্কিন বার্ষিক প্রতিবেদনে যা বলা হয়েছে, এর বাইরে অতিরিক্ত কোনো মন্তব্য নেই।
রয়টার্স চীনের চেংডু এলাকার আকাশে দুটি যুদ্ধবিমানের উড়ন্ত একটি ভিডিওর সত্যতা যাচাই করেছে। স্যাটেলাইট ছবি ও ফাইল ছবি সঙ্গে কাছাকাছি ভবন, সাইনবোর্ড, লোগো ও গাছপালার মিল পাওয়া গেছে। তবে সেই উড্ডয়নের তারিখটি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
এই দুটি চীনা যুদ্ধবিমানের কোনো অফিশিয়াল নাম এখনো প্রকাশিত হয়নি। যদিও এই ডিজাইনগুলো চীনের অন্যান্য বিমানের তুলনায় অনন্য। তবে এগুলোর স্টিলথ সক্ষমতা, গতি বা কৌশলগত দক্ষতা সম্পর্কে কিছু বলা সম্ভব নয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

