বিক্ষোভের জেরে নেপালে এবার পানি-বিষয়ক মন্ত্রীর পদত্যাগ

বিক্ষোভের জেরে নেপালে এবার পানি-বিষয়ক মন্ত্রীর পদত্যাগ

বিক্ষোভের জেরে স্বরাষ্ট্র ও কৃষিমন্ত্রীর পর এবার পদত্যাগ করলেন নেপালের পানি সরবরাহ মন্ত্রী প্রদীপ যাদব। প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। আজ মঙ্গলবার এ তথ্য জানিয়েছে দ্য কাঠমান্ডু পোস্ট

সংবাদমাধ্যমটি জানায়, পদত্যাগপত্রে তিনি বিক্ষোভ দমনে সরকারের দমনপীড়নের প্রতিবাদ করেন।

বিজ্ঞাপন

পদত্যাগপত্রে যাদব বলেন, মর্মান্তিক প্রাণহানি এবং দেশের তরুণদের বিরুদ্ধে সরকারের বলপ্রয়োগের কারণে তিনি আর পদে থাকতে পারবেন না।

তিনি লেখেন, ‘জেন-জি তরুণদের আন্দোলনকে সমর্থন এবং সরকার ও প্রশাসনের দমন-পীড়নের বিরোধিতা করে আমি পানি সরবরাহ মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করছি।’

তিনি বলেন, ‘প্রিয় তরুণ ভাই ও বোনেরা, আপনারা আমার প্রথম সঙ্গী এবং আমার শক্তির উৎস। আমি সকলের কাছে শান্ত থাকার এবং সঠিক পথে তরুণদের নির্দেশনা ও সমর্থন করার জন্য আবেদন করছি।’

সোমবার বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে তিনি তৃতীয় মন্ত্রী যিনি তার পদ থেকে পদত্যাগ করলেন। এর আগে পদত্যাগ করেন কৃষিমন্ত্রী রামনাথ অধিকারী এবং স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক।

এদিকে, নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির পদত্যাগের দাবিতে নতুন করে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। মন্ত্রী ও রাজনৈতিক নেতাদের বাড়িঘরে হামলা চালাচ্ছে বিক্ষোভকারীরা। ঘটেছে অগ্নি সংযোগের ঘটনাও।

আজ মঙ্গলবার নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পোড়েলের বাসভবনে আগুন ধরিয়ে দিয়েছে উত্তেজিত জনতা। এছাড়া, ললিতপুর জেলার খুমালতারে নেপালের সাবেক প্রধানমন্ত্রী পুষ্পকমল দহল‘প্রচণ্ডর বাসভবনেও হামলা চালিয়েছেন বিক্ষোভকারীরা। ভাঙচুর করা হয় তার বাড়িতে।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন