ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশের একটি ক্যান্ডি তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ২৪টি লাশের ব্যাগ উদ্ধার করেছে পুলিশ। আগুনে নিখোঁজ শ্রমিকদের সন্ধানে সোমবার সকাল থেকে আবারও তল্লাশি শুরু করার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। এখনো ২৯ জন শ্রমিক নিখোঁজ রয়েছেন।
শনিবার সন্ধ্যায় পশ্চিম জাভা প্রদেশের সেরাং রিজেন্সির চিকান্দে এলাকায় অবস্থিত পিটি ফনুসা আগুং মুলিয়া নামের ক্যান্ডি কারখানায় আগুন লাগে। রোববারও কারখানাটির বিভিন্ন স্থানে আগুনের অবশিষ্ট অংশ নেভাতে কাজ করেন দমকলকর্মীরা।
নিখোঁজ শ্রমিকদের সন্ধানে তল্লাশি অভিযান রাতের জন্য স্থগিত রাখা হয়েছিল। সোমবার সকালে তা আবার শুরু হবে বলে জানিয়েছেন ইন্দোনেশিয়ার বানতেন প্রদেশের পুলিশপ্রধান হেন্দ্রা কুরনিয়াওয়ান।
রোববার স্থানীয় সম্প্রচারমাধ্যম মেট্রো টিভিকে তিনি এ তথ্য জানান।
কারখানাটির মূল প্রতিষ্ঠান পিটি ইউনাইটেড ফ্যামিলি ফুডের প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিভেন আরউইন উইজায়া এক সংবাদ সম্মেলনে জানান, শনিবারের পালায় কারখানাটিতে প্রায় ৩০০ কর্মী উপস্থিত ছিলেন। আগুন লাগার সময় তাদের মধ্যে ৬৫ জন দুর্ঘটনাকবলিত এলাকায় ছিলেন বলে ধারণা করা হচ্ছে।
পরে এক বিবৃতিতে কারখানা কর্তৃপক্ষ জানায়, ওই ৬৫ জনের মধ্যে ২৪ জন বাড়ি ফিরে গেছেন। চারজন চিকিৎসাধীন রয়েছেন। ২৯ জন এখনো নিখোঁজ। বাকি আটজনের অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
রোববারের সংবাদ সম্মেলনে পুলিশের দুর্যোগে নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্তকরণ বিভাগের কর্মকর্তা ওয়াহিউ হিদায়াতি দ্বি পালুপি বলেন, আগুনের তীব্রতা এত বেশি ছিল যে উদ্ধার করা লাশগুলো দেখে পরিচয় শনাক্ত করা সম্ভব হচ্ছে না।
তিনি জানান, নিখোঁজ শ্রমিকদের স্বজনদের কাছ থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করা হবে। পাশাপাশি তাদের ব্যক্তিগত ব্যবহার্য জিনিসপত্র থেকেও নমুনা নেওয়া হবে। পরিচয় শনাক্তের এই প্রক্রিয়া শেষ করতে দুই থেকে তিন সপ্তাহ সময় লাগতে পারে।
অগ্নিকাণ্ডে মোট কতজন নিহত হয়েছেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, একটি লাশের ব্যাগে একাধিক ব্যক্তির দেহের অংশও থাকতে পারে। এ কারণে উদ্ধার হওয়া ব্যাগের সংখ্যা দিয়ে নিহতের প্রকৃত সংখ্যা নির্ধারণ করা যাচ্ছে না।
আগুন লাগার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। এদিকে কারখানার ভবনের কিছু অংশ এখনো ধসে পড়ার ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছেন একজন কর্মকর্তা।
রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে কারখানাটি থেকে আগুনের শিখা ও ঘন কালো ধোঁয়া বের হতে দেখা যায়। কারখানাটি ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার পাশেই অবস্থিত। তিনতলা ভবনটির ভেতর থেকে ধারণ করা ভিডিওতে আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র দেখা গেছে। ভবনের ভেতরের যন্ত্রপাতি পুড়ে কালো হয়ে গেছে এবং অনেক সরঞ্জাম সম্পূর্ণ ধ্বংস হয়েছে।
ইন্দোনেশিয়ায় সাম্প্রতিক বছরগুলোতে বেশ কয়েকটি ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গত বছরের ডিসেম্বরে রাজধানী জাকার্তার একটি অফিস ভবনে আগুন লেগে অন্তত ২২ জন নিহত হন। এর আগে ২০২৩ সালে দেশটির একটি নিকেল প্রক্রিয়াজাতকরণ কারখানায় বিস্ফোরণে অন্তত ১৩ জনের মৃত্যু হয়।
এএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


