জাতিসংঘের বিভিন্ন কমিটিতে পাকিস্তানিরা স্থান পাওয়ায় চিরপ্রতিদ্বন্দ্বী ভারত অস্বস্তিতে পড়েছে। ভারতীয় গণমাধ্যম আনন্দ বাজার পত্রিকা এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান সন্ত্রাসবাদে মদদ দেয় বলে দীর্ঘদিন ধরে অভিযোগ তুলে আসছে ভারত। ‘অপারেশন সিঁদুর’পরবর্তী সময়েও তা নিয়ে বার বার সরব হয়েছে নয়াদিল্লি। ঘটনাচক্রে, এমন একটি সময়েই নিরাপত্তা পরিষদে সন্ত্রাস দমন কমিটিতে সহ-সভাপতিত্বের দায়িত্ব পেল পাকিস্তান।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদে চলতি বছরের সন্ত্রাস দমন কমিটিতে সহসভাপতিত্ব করবে পাকিস্তান। এ বছর নিরাপত্তা পরিষদের ওই কমিটিতে সভাপতিত্ব করবে আলজেরিয়া। পাকিস্তানের সঙ্গে রাশিয়া ও ফ্রান্স ওই কমিটিতে সহসভাপতিত্ব করবে। এ ছাড়া আফগানিস্তানের তালেবানের ওপর নিষেধাজ্ঞা-সংক্রান্ত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কমিটিতে সভাপতিত্ব করতে চলেছে পাকিস্তান। ওই কমিটিতে সহসভাপতিত্ব করবে গায়ানা ও রাশিয়া।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু ও ইন্ডিয়া টুডে বলছে, জাতিসংঘে ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদে পাঁচটি স্থায়ী সদস্য রাষ্ট্র রয়েছে—যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, ব্রিটেন ও ফ্রান্স। এ ছাড়া দুই বছরের মেয়াদে ১০টি রাষ্ট্রকে অস্থায়ী সদস্য হিসেবে নিরাপত্তা পরিষদে জায়গা দেওয়া হয়। পাকিস্তান বর্তমানে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য। নিরাপত্তা পরিষদে তাদের অস্থায়ী সদস্যপদ ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে।
নিরাপত্তা পরিষদের অধীন বিভিন্ন কমিটির দায়িত্ব স্থায়ী ও অস্থায়ী সদস্যদের মধ্যে ভাগ করা হয়। এটিই প্রচলিত রীতি, যেমন আইএসআইএল এবং আল-কায়েদার ওপর নিষেধাজ্ঞা কমিটিতে সভাপতিত্ব করবে ডেনমার্ক। ওই কমিটিতে সহসভাপতিত্ব করবে রাশিয়া ও সিয়েরা লিওন। সে হিসেবে পাকিস্তানও দায়িত্ব পেয়েছে একটি কমিটিতে সভাপতিত্ব করার এবং অন্যটিতে সহসভাপতিত্ব করার।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

