আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

শান্তি আলোচনায় ইউক্রেনকে ছাড় দিতে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র: জেলেনস্কি

আমার দেশ অনলাইন

শান্তি আলোচনায় ইউক্রেনকে ছাড় দিতে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র: জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে চলমান শান্তি আলোচনায় মধ্যস্থতাকারী যুক্তরাষ্ট্র মস্কোর বদলে কিয়েভকেই বারবার ছাড় দিতে চাপ দিচ্ছে।

বিজ্ঞাপন

মিউনিখে আয়োজিত আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনে দেওয়া ভাষণে তিনি বলেন, টেকসই শান্তির জন্য শুধু ছাড় দিলেই হবে না; ইউক্রেনের জন্য সুনির্দিষ্ট ও দীর্ঘমেয়াদি নিরাপত্তার নিশ্চয়তা প্রয়োজন।

১৯৪৫ সালের পর ইউরোপের বৃহত্তম এই যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় আগামী সপ্তাহে জেনেভায় ত্রিপাক্ষিক বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠক নিয়ে আশাবাদ প্রকাশ করলেও আলোচনার ধরন নিয়ে অসন্তোষ জানান জেলেনস্কি।

তিনি বলেন, শান্তি আলোচনায় ইউরোপীয় দেশগুলোর অনুপস্থিতি বড় ভুল। ইউরোপকে আলোচনায় যুক্ত করা হলে যুদ্ধ বন্ধের সম্ভাবনা আরও বাড়বে বলে তিনি মনে করেন। বর্তমানে অন্যতম জটিল ইস্যু হলো দোনেৎস্ক অঞ্চল থেকে ইউক্রেনীয় সেনা প্রত্যাহারের বিষয়ে রাশিয়ার দাবি।

ইউক্রেন একতরফাভাবে সেনা সরাতে রাজি নয়। পাশাপাশি যুদ্ধবিরতির পর সম্ভাব্য পুনরায় হামলা ঠেকাতে পশ্চিমা দেশগুলোর কাছ থেকে অন্তত ২০ বছরের নিরাপত্তা গ্যারান্টি চাইছে কিয়েভ। যুক্তরাষ্ট্র ১৫ বছরের নিশ্চয়তার প্রস্তাব দিলেও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে বিদেশি সেনা মোতায়েনের ঘোর বিরোধিতা করে আসছেন।

পুতিনকে ‘যুদ্ধের দাস’ আখ্যা দিয়ে জেলেনস্কি অভিযোগ করেন, মস্কো আলোচনা দীর্ঘায়িত করতে চায়। জেনেভা বৈঠকের আগে রুশ প্রতিনিধিদলে আকস্মিক পরিবর্তনকে তিনি সময়ক্ষেপণের কৌশল হিসেবে দেখছেন।

তিনি ১৯৩৮ সালের মিউনিখ চুক্তির উদাহরণ টেনে বলেন, ইউক্রেনকে বিভক্ত করে শান্তি আনার চেষ্টা একধরনের বিভ্রম। যেমন— দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে চেকোস্লোভাকিয়াকে বিসর্জন দিয়ে করা হয়েছিল।

জেলেনস্কি আরও জানান, যেকোনো শান্তিচুক্তির আগে গণভোট প্রয়োজন। এর জন্য দেশব্যাপী নির্বাচন, শক্তিশালী যুদ্ধবিরতি পর্যবেক্ষণ মিশন এবং বন্দিবিনিময় অপরিহার্য। তার তথ্য অনুযায়ী, বর্তমানে রাশিয়ার কাছে প্রায় ৭ হাজার ইউক্রেনীয় সেনা এবং ইউক্রেনের কাছে প্রায় ৪ হাজার রুশ সেনা বন্দি রয়েছে।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন