রাশিয়ার পূর্ব উপকূলে ৮ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় উপকূলীয় এলাকাজুড়ে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। এতে দেশটির হাওয়াইসহ পশ্চিম উপকূলীয় এলাকায় যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হচ্ছে। ঘুরিয়ে দেওয়া হয়েছে অনেক ফ্লাইট। খবর সিএনএনের।
হনুলুলুতে বিমান চলাচল ব্যাহত হচ্ছে। এছাড়া সুনামি সতর্কতার আওতাভুক্ত বিমানবন্দরগুলোতে ফ্লাইট ঘুরিয়ে দেয়া, বিলম্ব এমনকি বাতিলের খবরও পাওয়া যাচ্ছে।
মঙ্গলবার গভীর রাতে লস অ্যাঞ্জেলেস, ভ্যাঙ্কুভার, সান ফ্রান্সিসকো এবং সান ডিয়েগো থেকে হাওয়াইগামী বিভিন্ন বিমান সংস্থার ফ্লাইটগুলোকে ফিরিয়ে আনা হয়েছে।
হাওয়াইয়ে সুনামি সতর্কতায় বলা হয়েছে, উত্তর হাওয়াই দ্বীপপুঞ্জের কিছু উপকূলে স্বাভাবিক জোয়ারের স্তর থেকে ১০ ফুট বেশি উচ্চতার ঢেউ আছড়ে পড়তে পারে। সুনামির আশঙ্কায় কোস্টগার্ড এরইমধ্যে সব প্রধান বন্দর বন্ধ করে দিয়েছে। হাওয়াইয়ে প্রস্তুত রয়েছে ন্যাশনাল গার্ড।
ন্যাশনাল সুনামি ওয়ার্নিং সেন্টার নর্থ ক্যালিফোর্নিয়া উপকূলে সুনামি সতর্কতা জারি করেছে। এর আওতায় পড়বে কেপ মেন্ডোসিনো থেকে ওরেগন হয়ে ক্যালিফোর্নিয়া সীমান্ত এবং ক্রিসেন্ট সিটি।
তবে ঢেউয়ের উচ্চতা কম হওয়ার সম্ভাবনা রয়েছে। সাধারণত এক ফুটের কম উচ্চতায় জলোচ্ছ্বাস হতে পারে। তবে শক্তিশালী স্রোত এবং বিপজ্জনক উপকূলীয় পরিস্থিতি বিদ্যমান থাকার সম্ভাবনা রয়েছে।
এ পরিস্থিতিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিনদের মনোবল ঠিক রাখতে ও নিরাপদে থাকতে বলেছেন।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট দিয়ে ট্রাম্প সুনামি সতর্কতা জারি করা এলাকাগুলোর বাসিন্দাদের প্রতি এ আহ্বান জানিয়েছেন।
রাশিয়ার পূর্ব উপকূলে স্থানীয় সময় আজ বুধবার সকাল ৮টা ২৫ মিনিটে ৮ দশমিক ৮ মাত্রার ওই ভূমিকম্প আঘাত হানে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



