পাকিস্তান যেকোনো ধরনের নিরপেক্ষ তদন্তে অংশ নিতে প্রস্তুত: শেহবাজ

পাকিস্তান যেকোনো ধরনের নিরপেক্ষ তদন্তে অংশ নিতে প্রস্তুত: শেহবাজ

কাশ্মীরের পেহেলগামে হামলার ঘটনায় যেকোনো ধরনের নিরপেক্ষ ও স্বচ্ছ আন্তর্জাতিক তদন্তে অংশ নিতে প্রস্তুতির কথা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।

বিজ্ঞাপন

শনিবার কাকুলে পাকিস্তান মিলিটারি একাডেমির একটি প্যারেড অনুষ্ঠানে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, পেহেলগামের সাম্প্রতিক হৃদয়বিদারক ঘটনার দায় চাপানোর খেলা বন্ধ হওয়া উচিত। একটি দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে পাকিস্তান যেকোনো নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্তে অংশ নিতে আগ্রহী।

শেহবাজ শরীফ বলেন, কাশ্মীর পাকিস্তানের ঘাড়ের শিরার মতো। জাতিসংঘের বহু প্রস্তাব থাকা সত্ত্বেও এ বিরোধ আজও মীমাংসিত হয়নি। পাকিস্তান সব সময় কাশ্মীরিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের পক্ষে থাকবে।

তিনি আরও বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে পাকিস্তান বড় মূল্য দিয়েছে। আমাদের প্রায় ৯০ হাজার মানুষ হতাহত হয়েছে এবং আমরা ৬০ হাজার কোটি ডলারের বেশি আর্থিক ক্ষতির শিকার হয়েছি।

পেহেলগামে গত ২২ এপ্রিল সশস্ত্র বন্দুকধারীদের হামলায় প্রাণ হারান অন্তত ২৬ জন, যাদের বেশিরভাগই ছিলেন পর্যটক। এটিকে ২০০০ সালের পর উপত্যকায় সবচেয়ে প্রাণঘাতী হামলা হিসেবে বিবেচনা করা হচ্ছে। ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ নামে এক অজ্ঞাতনামা সংগঠন এ হামলার দায় স্বীকার করেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন