সংঘাতের মধ্যেই ইউক্রেন নিয়ে যুক্তরাষ্ট্র-ইউরোপের নতুন শান্তি আলোচনা

সংঘাতের মধ্যেই ইউক্রেন নিয়ে যুক্তরাষ্ট্র-ইউরোপের নতুন শান্তি আলোচনা
ছবি: এপি

রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও ইউরোপের কর্মকর্তাদের সঙ্গে নতুন করে শান্তি আলোচনা করেছে ইউক্রেন। তবে কূটনৈতিক তৎপরতা চলার মধ্যেই ইউক্রেনের রাজধানী কিয়েভের দুটি সেতুতে হামলার খবর পাওয়া গেছে। একই সঙ্গে ইউক্রেনে বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া—এমন আশঙ্কাও জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

বিজ্ঞাপন

সোমবার যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং ইউরোপীয় প্রতিনিধিদের সঙ্গে অনলাইনে আলোচনা করেন জেলেনস্কি। আলোচনাকে ‘সহজ নয়’ বলে বর্ণনা করেছেন তিনি। তবে ইউক্রেনের পক্ষে থাকা দেশগুলোর জোট ‘কোয়ালিশন অব দ্য উইলিং’-এর প্রতিনিধিদের সঙ্গে বার্লিনে বৈঠকের বিষয়ে অংশগ্রহণকারীরা একমত হয়েছেন বলে জানান তিনি। চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইউরোপ শান্তি আলোচনা আরও জোরদার করছে।

রাতের ভাষণে জেলেনস্কি বলেন, ‘কূটনৈতিক প্রক্রিয়া সক্রিয়ভাবে চলছে। আমরা আশা করি, এসব প্রচেষ্টা বৃথা যাবে না।’

তবে ইউক্রেনের গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে তিনি সতর্ক করেন, রাশিয়া সোমবার রাতে এবং মঙ্গলবার বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে।

এরপর সোমবার রাতে কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎসকো জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী, দিনিপ্রো নদীর ওপর নির্মিত উত্তর ও দক্ষিণ সেতুতে হামলা হয়েছে। এ সময় আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সক্রিয় ছিল। বার্তা সংস্থা রয়টার্সের প্রত্যক্ষদর্শীরাও একের পর এক শক্তিশালী বিস্ফোরণের শব্দ শুনেছেন।

অন্যদিকে সোমবার রাশিয়ার একটি গুরুত্বপূর্ণ সেতুতে হামলা চালিয়েছে ইউক্রেন। দেশটির বিভিন্ন তেল শোধনাগারও লক্ষ্য করে হামলা চালানো হয়। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২২ সালে পূর্ণমাত্রার যুদ্ধ শুরুর পর থেকে এটিই রাশিয়ায় সবচেয়ে বড় রাতভর ড্রোন হামলা। রাতের হামলায় ক্রিমিয়া সেতুও আবার আক্রান্ত হয়েছে। টেলিগ্রামে দেওয়া বিবৃতি অনুযায়ী, মস্কোর আশপাশে প্রায় ২০০টি ড্রোন প্রতিহত করা হয়েছে।

**সমঝোতায় অগ্রগতির দাবি মার্কিন দূতের, কঠিন সিদ্ধান্তের সতর্কতা**

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার বলেছেন, রাশিয়া, ইউক্রেন ও ইউরোপের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে একটি চুক্তির দিকে এগোচ্ছে ওয়াশিংটন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লেখেন, ‘গুরুত্বপূর্ণ কিছু চ্যালেঞ্জ এখনো রয়ে গেছে। চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে কঠিন কিছু সিদ্ধান্ত নিতে হবে।’

কুশনার জানান, তিনি ও উইটকফ পরবর্তী পদক্ষেপ নিয়ে ক্রেমলিনের উপদেষ্টা ইউরি উশাকভের সঙ্গেও কথা বলেছেন। আলোচনায় ইউরোপ ও রাশিয়ার মধ্যে সরাসরি যোগাযোগের ব্যবস্থা করার বিষয়টি উঠে এসেছে, যাতে উভয় পক্ষ একে অপরের উদ্বেগ ও প্রস্তাব শুনতে পারে।

এর আগে গত সপ্তাহে আবুধাবিতে যুক্তরাষ্ট্র, ইউক্রেন ও রাশিয়ার কর্মকর্তারা বৈঠক করেন। নয় মাসের মধ্যে এটিই ছিল তিন দেশের কর্মকর্তাদের প্রথম যৌথ বৈঠক। ওই আলোচনায় বন্দিবিনিময়ের বিষয়ে সমঝোতা হলেও যুদ্ধ বন্ধে কোনো অগ্রগতি হয়নি।

পরে উইটকফ ও কুশনার মস্কোয় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন। এরপর তাঁরা জানান, পরবর্তী দফার আলোচনায় ইউরোপীয় প্রতিনিধিরাও অংশ নেবেন। তবে সোমবার এ বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করেছে মস্কো।

**আলোচনায় অংশ নিতে প্রস্তুত ইউরোপ, সম্মতি দেয়নি মস্কো**

জেলেনস্কি জানিয়েছেন, সোমবারের আলোচনায় ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, ইতালি ও পোল্যান্ডের প্রতিনিধিরা পূর্ণাঙ্গভাবে অংশ নিয়েছেন। রাশিয়ার প্রতিনিধিদের সঙ্গে ভবিষ্যৎ বৈঠকেও এসব দেশের সমান প্রতিনিধিত্ব থাকবে।

তবে ক্রেমলিনের উপদেষ্টা ইউরি উশাকভ জানিয়েছেন, রাশিয়া বিদ্যমান রুশ, ইউক্রেনীয় ও মার্কিন প্রতিনিধিদলের বাইরে আলোচনা সম্প্রসারণে সম্মতি দেয়নি। পরবর্তী বৈঠকের তারিখও এখনো নির্ধারণ করা হয়নি।

এদিকে মস্কোর ওপর চাপ অব্যাহত রাখার পাশাপাশি আলোচনার জন্য নিজেদের প্রতিনিধিদল প্রস্তুত করছে ইউরোপীয় দেশগুলো।

আয়ারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী হেলেন ম্যাকএন্টি নতুন করে আলোচনা শুরুর উদ্যোগ এবং আবুধাবি ও ডাবলিনে কূটনৈতিক বৈঠকের পর ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিত্ব নিশ্চিত করার বিষয়টিকে স্বাগত জানিয়েছেন। তবে তিনি বলেন, ‘রাশিয়া যে তাদের অবস্থান পরিবর্তন করেনি, তা স্পষ্ট।’

সোমবার ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের আগে তিনি এসব কথা বলেন। ম্যাকএন্টি জানান, রাশিয়ার বিরুদ্ধে নতুন করে ১১৩টি নিষেধাজ্ঞা আরোপের উদ্দেশ্য হলো মস্কোর ওপর চাপ বজায় রাখা। শীতকালে বেসামরিক মানুষ ও গুরুত্বপূর্ণ অবকাঠামোয় হামলা বাড়িয়েছে রাশিয়া।

তিনি আরও বলেন, ইউক্রেনের প্রয়োজনীয় অর্থায়ন ও সামরিক সহায়তা নিশ্চিত করার পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ পাওয়ার পথে দেশটির অগ্রগতিতেও কাজ করছে ইউরোপ।

**সাময়িক যুদ্ধবিরতি চায় না রাশিয়া**

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, রাশিয়া সাময়িক যুদ্ধবিরতির পরিবর্তে দীর্ঘস্থায়ী শান্তি চায়। তার মতে, সাময়িক যুদ্ধবিরতি হলে রুশ বাহিনীর হামলায় ক্ষতিগ্রস্ত ইউক্রেন পুনরায় শক্তি সঞ্চয়ের সুযোগ পাবে।

পেসকভ বলেন, মস্কো এমন শান্তি চায়, যা ‘বছরের পর বছর, এমনকি শতাব্দীর পর শতাব্দী’ স্থায়ী হবে। তিনি আরও বলেন, আলোচনা জটিল এবং এতে অনেক সময় লাগতে পারে।

অন্যদিকে ট্রাম্প জানিয়েছেন, চীন সফরে দেশটির প্রেসিডেন্ট সি চিন পিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা করবেন তিনি। তাঁর বিশ্বাস, পুতিনও যুদ্ধের অবসান চান।

সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমার মনে হয়, তিনি কিছুটা পিছু হটছেন। সত্যি বলতে, আমার মনে হয়, তিনিও যুদ্ধের সমাপ্তি দেখতে চান।’

বার্লিনে পরিকল্পিত বৈঠকে ইউক্রেন ও দেশটির সমর্থক দেশগুলো পরবর্তী আলোচনার কৌশল নির্ধারণ করতে পারবে। তবে পরবর্তী আলোচনায় ইউরোপের প্রস্তাবিত প্রতিনিধিত্বের বিষয়ে এখনো সম্মতি দেয়নি রাশিয়া।

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...