সিরীয় নেতার সঙ্গে পুতিনের প্রথম ফোনালাপ

সিরীয় নেতার সঙ্গে পুতিনের প্রথম ফোনালাপ

সিরিয়ার একনায়ক বাশার আল-আসাদের পতনের পর প্রথম বিরোধীদের সঙ্গে যোগাযোগ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমদ আল-শারার সঙ্গে ফোনালাপ করেন তিনি।

সিরিয়ার প্রেসিডেন্টের দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ফোনালাপে আহমদ আল-শারা দুই দেশের কৌশলগত সম্পর্ক জোরদার করার কথা বলেন। একই সঙ্গে সিরিয়ার জনগণের স্বার্থ ও দেশের স্থিতিশীলতা ও নিরাপত্তা রক্ষা করে সব পক্ষের প্রতি উন্মুক্ত থাকার কথা জানান তিনি।

বিজ্ঞাপন

অন্যদিকে রুশ প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিনের পক্ষ থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, পুতিন সিরিয়ার ঐক্য, সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত অখণ্ডতা রক্ষার প্রতি রাশিয়ার নীতিগত সমর্থন থাকার প্রতি জোর দিয়েছেন। একই সঙ্গে তিনি সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানিকে রাশিয়ায় সফর করার আমন্ত্রণ জানান।

সিরিয়ায় ক্ষমতাচ্যুত বাথ পার্টির নেতৃত্বের প্রশাসন দীর্ঘদিন থেকেই মধ্যপ্রাচ্যে রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত ছিল। ২০১১ সালে আরব বসন্তের জেরে দেশটির জনগণ রাস্তায় নামলে মস্কো ক্ষমতাসীন আসাদ প্রশাসনের পক্ষেই দাঁড়িয়েছিল।

শান্তিপূর্ণ বিক্ষোভ গৃহযুদ্ধে রূপান্তরিত হওয়ার পর ২০১৫ সালে যখন বাশার আল-আসাদের পতন আসন্ন হয়ে দাঁড়িয়েছিল, তখন রাশিয়া হস্তক্ষেপ করে যুদ্ধের মোড় ঘুরিয়ে দেয়। গত বছর ৮ ডিসেম্বর বিরোধীদের আকস্মিক অভিযানে দামেস্কের পতনের জেরে যখন বাশার আল-আসাদ দেশ ছাড়তে বাধ্য হন, রাশিয়া তখন তাকে আশ্রয় দেয়।

রাশিয়া বর্তমানে সিরিয়ার তারতুসে তার নৌঘাঁটি ও হেমেইমে বিমানঘাঁটি নিরাপদ রাখার জন্য চেষ্টা চালাচ্ছে। তবে সিরিয়ার অন্তর্বর্তী প্রশাসনের বিনিময়ে বাশার আল-আসাদকে ফেরতের দাবি তুলেছেন বলে খবর জানা গেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন