ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে রাশিয়া-চীন সম্পর্ক: পুতিন

ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে রাশিয়া-চীন সম্পর্ক: পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়া ও চীনের মধ্যে সম্পর্ক ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। তার মতে, দুই দেশের মধ্যে অংশীদারিত্বের সম্পর্ক অর্থনৈতিক এবং কৌশলগত উভয় দিক থেকেই শক্তিশালী হচ্ছে। শনিবার চীনের সংবাদ সংস্থা সিনহুয়াকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

বার্তা সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, পুতিন জানিয়েছেন, ২০২১ সাল থেকে দ্বিপক্ষীয় বাণিজ্য প্রায় ১০০ বিলিয়ন ডলার বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন, ‘নিঃসন্দেহে চীন রাশিয়ার শীর্ষস্থানীয় বাণিজ্যিক অংশীদার। রাশিয়া গত এক বছরে চীনের পঞ্চম বৃহত্তম বিদেশী অংশীদার হয়ে উঠেছে।’

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, যদিও বাণিজ্য ডলারে পরিমাপ করা হয়, তবুও এখন প্রায় সম্পূর্ণ জাতীয় মুদ্রায় লেনদেন করা হচ্ছে।

পুতিন জোর দিয়ে বলেন যে, রাশিয়া চীনের তেল ও গ্যাসের শীর্ষ সরবরাহকারী। তিনি বলেন, ২০১৯ সালে কার্যক্রম শুরু করার পর থেকে পাওয়ার অফ সাইবেরিয়া পাইপলাইনের মাধ্যমে ক্রমবর্ধমান গ্যাস সরবরাহ ১০০ বিলিয়ন ঘনমিটার ছাড়িয়ে গেছে।

তিনি বলেন, ২০২৭ সালে ফার ইস্টার্ন গ্যাস পাইপলাইন রুট সমাপ্তি হলে, চীনা গাড়ি রপ্তানি এবং জ্বালানি চাহিদার জন্য একটি গুরুত্বপূর্ণ বাজার হিসেবে মস্কোর ভূমিকা দ্বিপক্ষীয় সম্পর্ককে আরো গভীর করবে।

আসন্ন চীন সফরে, দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আরো বিস্তারিত আলোচনা হবে বলেও জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট।

অর্থনীতির বাইরেও পুতিন কৌশলগত সমন্বয়ের কথা তুলে ধরেছেন। রাশিয়া-চীন সহযোগিতাকে ‘বিশ্ব রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ বিষয়’ হিসেবে অভিহিত করেন তিনি।

এসময় পুতিন পশ্চিমা নিষেধাজ্ঞারও সমালোচনা করে, একে বৈষম্যমূলক বলে বর্ণনা করেন।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন