বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম
প্রতীকী ছবি

মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটার আশঙ্কা কিছুটা কমেছে। সৌদি আরব ওমানের মাধ্যমে অতিরিক্ত অপরিশোধিত তেল সরবরাহের প্রস্তাব দিয়েছে—এমন খবর প্রকাশের পর বাজারে সরবরাহ নিয়ে উদ্বেগ কমে। এর প্রভাব পড়েছে তেলের দামে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার সকালে বিশ্ববাজারে ব্রেন্ট ও ডব্লিউটিআই—দুই ধরনের তেলের দামই কমেছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বৃহস্পতিবার গ্রিনিচ মান সময় ১২টা ৪৯ মিনিটে আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ২৪ ডলার বা ১ দশমিক ২ শতাংশ কমে ১০৪ দশমিক ৫৯ ডলারে নেমে আসে। যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দামও একই সময়ে ১ দশমিক ১৪ ডলার বা ১ দশমিক ১ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১০১ দশমিক ২৯ ডলারে দাঁড়ায়।

এর আগের দিন বুধবারও দুই ধরনের তেলের দাম প্রায় ৩ ডলার করে কমেছিল। ফলে বৃহস্পতিবারের দরপতন আগের দিনের নিম্নমুখী ধারাকেই এগিয়ে নেয়।

এখন বাজার বিশ্লেষকদের নজর মধ্যপ্রাচ্যের তেল সরবরাহ পরিস্থিতির দিকে। বিশেষ করে সৌদি আরবের অতিরিক্ত তেল সরবরাহের উদ্যোগ বাস্তবে কতটা সরবরাহ বাড়াতে পারে, সেটিই বাজারের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন