ভারতের শিক্ষামন্ত্রীকে বিক্ষোভে যোগ দেওয়া আহ্বান জানালেন ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ আহ্বান জানান।
প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের একটি পুরোনো বক্তব্যের প্রসঙ্গ টেনে দীপকে বলেন, ‘শিক্ষামন্ত্রীর উচিত জন্তর মন্তরে এসে আমাদের সঙ্গে যোগ দেওয়া। আমরা তার পদত্যাগপত্রও প্রস্তুত করে রাখব, শুধু স্বাক্ষর করলেই হবে।’
তিনি অভিযোগ করেন, নিট কেলেঙ্কারির প্রকৃত দায় শিক্ষামন্ত্রীর এবং তার পদত্যাগই আন্দোলনের একমাত্র দাবি। তিনি বলেন, দিল্লির পাশাপাশি মুম্বাই, জয়পুর, বেঙ্গালুরুসহ দেশের বিভিন্ন শহরেও একই দাবিতে বিক্ষোভ চলছে।
শিক্ষামন্ত্রী হওয়ার আগে ধর্মেন্দ্র প্রধান ছিলেন জনপ্রিয় ছাত্রনেতা। ১৯৯৭ সালে উড়িষ্যায় পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়ে প্রথম আলোচনায় আসেন তিনি।
দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের ২০২১ সালের এক প্রতিবেদনে বলা হয়, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)-ঘনিষ্ঠ ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (এবিভিপি) নেতা হিসেবে ধর্মেন্দ্র প্রধান ভুবনেশ্বরে প্রায় দেড় হাজার শিক্ষার্থীকে নিয়ে রাজ্য সচিবালয়ের সামনে প্রশ্নফাঁসের প্রতিবাদে বিক্ষোভ করেন।
প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দিল্লির জন্তর মন্তরে লাগাতার আন্দোলন চলছে। শিক্ষামন্ত্রী পদত্যাগ করার আগ পর্যন্ত এ আন্দোলন চলবে বলে জানিয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে।
এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, সরকার চাইলে জন্তর মন্তর বা নিরপেক্ষ কোনো স্থানে আলোচনা হতে পারে, তবে মন্ত্রীদের বাসভবনে নয়। অতীতে আলোচনার নামে সময় নষ্ট করায় তারা আর সেই অভিজ্ঞতার পুনরাবৃত্তি চান না।
গত ৬ জুন থেকে এই আন্দোলন শুরু হয়। এ সমর্থনে গত ২৮ জুন অনির্দিষ্টকালের অনশনে যোগ দেন লাদাখের সমাজকর্মী সোনম ওয়াংচুক। এরপর আন্দোলন আরো গতি পায়।
সূত্র: এনডিটিভি
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


