অস্ট্রেলিয়ায় নির্বাচন

প্রধানমন্ত্রী আলবানেজের লেবার পার্টির ভূমিধস জয়

প্রধানমন্ত্রী আলবানেজের লেবার পার্টির ভূমিধস জয়

দ্বীপ দেশ অস্ট্রেলিয়ায় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবারের এ নির্বাচনে দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষের ১৫০টি আসনে সদস্যের জন্য ভোটগ্রহণ করা হয়। এ ছাড়া উচ্চকক্ষ সিনেটের ৭৬টি আসনের মধ্যে ৪০টি আসনের জন্যও ভোটগ্রহণ হয়। ভোট গণনার প্রাথমিক ফলাফল অনুযায়ী ক্ষমতাসীন প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানেজের লেবার পার্টি জয়লাভ করেছে।

স্থানীয় সময় শনিবার সকাল ৮টায় শুরু হয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ করা হয়।

বিজ্ঞাপন

সরকার গঠনের জন্য অস্ট্রেলিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষে অন্তত ৭৬টি আসনে জয়ের প্রয়োজন হয়।

প্রাথমিক ভোট গণনায় প্রকাশিত ফলাফল অনুযায়ী ক্ষমতাসীন লেবার পার্টি জয়লাভ করেছে। অপরদিকে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম সেভেন, স্কাই নিউজ ও এবিসিও লেবার পার্টির জয়ের সংবাদ প্রচার করেছে। এবিসির প্রতিবেদন অনুযায়ী ক্ষমতাসীন লেবার পার্টি অন্তত ৮৭টি আসনে জয়লাভ করেছে।

এদিকে বিরোধী লিবারেল-ন্যাশনাল কোয়ালিশনের প্রধান পিটার ডাটনও তার আসনে লেবার পার্টির আলি ফ্রান্সের কাছে হারতে যাচ্ছেন।

দেশটিতে এবারকার নির্বাচনে বড় ইস্যু ছিল জীবনযাত্রার ব্যয়। এ ছাড়া স্বাস্থ্যসেবা ও হাউজিং ব্যয় নিয়েও ভোটারদের মধ্যে উদ্বেগ দেখা গেছে।

নির্বাচনের আনুষ্ঠানিক ফল আসতে কয়েকদিন, এমনকি সপ্তাহও লেগে যেতে পারে। তবে ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই দেশটির ইলেকটোরাল কমিশন অনানুষ্ঠানিক প্রাথমিক ফল ঘোষণা শুরু করবে।

নির্বাচনে শুধু অস্ট্রেলিয়ায়ই ভোটগ্রহণ হয়নি, বরং বিদেশে থাকা দেশটির ভোটাররা যেন ভোট দিতে পারেন, সেজন্য ৮৩টি দেশে ১১১টি কেন্দ্রের ব্যবস্থা করা হয় বলে দেশটির পররাষ্ট্র দপ্তর জানিয়েছে। এর মধ্যে জার্মানি, ব্রিটেন, আমেরিকা ও হংকংয়ে বিপুলসংখ্যক অস্ট্রেলীয় নাগরিকের বসবাস রয়েছে।

অস্ট্রেলিয়ার এক কোটি ৮১ লাখ ভোটার নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে প্রায় অর্ধেক ভোটারই অংশ নিয়েছেন আগাম ভোট দেওয়ার সুযোগটিতে।

দেশটির ভোটারদের জন্য ভোট দেওয়ার কিছু বাধ্যবাধকতা রয়েছে। ১৮ বছর বয়সি সবার জন্য ভোট দেওয়া বাধ্যতামূলক। কেউ ভোট দিতে ব্যর্থ হলে তাকে ১৩ ডলার জরিমানা গুনতে হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন