বিক্ষোভকারীদের সঙ্গে বৈঠক করবেন ম্যাক্রোঁ, কোন পথে আন্দোলন

বিক্ষোভকারীদের সঙ্গে বৈঠক করবেন ম্যাক্রোঁ, কোন পথে আন্দোলন
ছবি: সংগৃহীত

ফ্রান্সে চলমান বিক্ষোভের মধ্যেই শিক্ষার্থীদের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসার পরিকল্পনা করেছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে শুরু হওয়া আন্দোলন অব্যাহত থাকায় নিরাপত্তা জোরদার করেছে কর্তৃপক্ষ।

শিক্ষার্থীরা চাপ বজায় রাখার লক্ষ্যে আরও বিক্ষোভের ডাক দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাস্তায় পুলিশের উপস্থিতি ২০ শতাংশ বাড়ানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

শিক্ষার্থীদের প্রধান দাবির মধ্যে রয়েছে বিদ্যালয়ে বরাদ্দ বৃদ্ধি, শিক্ষকসংকট নিরসন, অতিরিক্ত শিক্ষার্থীসমৃদ্ধ শ্রেণিকক্ষের সমস্যা সমাধান এবং জরাজীর্ণ শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পদ্ধতি ‘পারকুরসুপ’ সংস্কার, ১৫০ কোটি ইউরোর জরুরি অবকাঠামো তহবিল এবং আরও বিশ্ববিদ্যালয় আসন বাড়ানোর দাবি জানিয়েছে বিভিন্ন ছাত্রসংগঠন।

সরকার ইতোমধ্যে তিন হাজার অতিরিক্ত বিকল্প শিক্ষক নিয়োগ এবং শিক্ষা খাতে ১১০ কোটি ইউরো বরাদ্দের ঘোষণা দিয়েছে। তবে শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তব পরিবর্তন আসেনি। তাদের মতে, সরকার ও তরুণ প্রজন্মের মধ্যে সংলাপের ঘাটতিই সংকটকে আরও গভীর করেছে।

বিশ্লেষকদের মতে, শিক্ষাব্যবস্থার দুর্বলতার পাশাপাশি জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানের অনিশ্চয়তা এবং পারিবারিক আর্থিক অবস্থার ওপর তরুণদের ভবিষ্যৎ নির্ভরশীল হয়ে পড়াও অসন্তোষের বড় কারণ।

আগামী সোমবার ছাত্রসংগঠনগুলোর সঙ্গে পরবর্তী বৈঠকে শিক্ষকসংকট, শিক্ষক প্রতিস্থাপন ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি পদ্ধতি নিয়ে প্রাথমিক সিদ্ধান্ত জানানোর কথা সরকারের। তবে শুধু সীমিত কিছু পদক্ষেপে আন্দোলন থামবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে। সরকারের সামনে এখন বড় চ্যালেঞ্জ—আর্থিক সংকট সামলে শিক্ষার্থীদের দাবির বাস্তবসম্মত সমাধান করা এবং রাজপথের উত্তেজনা প্রশমিত করা।

সূত্র: আলজাজিরা

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন