হরমুজে বাণিজ্যিক জাহাজে হামলা, ১২ ভারতীয় নাবিক আহত

হরমুজে বাণিজ্যিক জাহাজে হামলা, ১২ ভারতীয় নাবিক আহত

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে ফের বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা ঘটেছে। ওমান উপকূলের কাছাকাছি পানামার পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে এই হামলার ফলে ১২ জন ভারতীয় নাবিক আহত হয়েছেন।

বিজ্ঞাপন

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার ‘এমটি এন পিস’ নামের পানামার পতাকাবাহী জাহাজটিকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। ওই জাহাজে মোট ১৯ জন নাবিক ছিলেন, যার মধ্যে ১৭ জনই ভারতীয়। হামলার পর জাহাজের সব নাবিককে নিরাপদে উদ্ধার করে ওমানের খাসাব বন্দরে নিয়ে যাওয়া হয়েছে।

এখন পর্যন্ত কারা এই হামলার পেছনে রয়েছে, তা স্পষ্ট হয়নি। তবে এই ঘটনার নিন্দা জানিয়েছে নয়াদিল্লি। পাশাপাশি, ভারতীয় নাবিকদের দ্রুত উদ্ধার ও চিকিৎসার সুব্যবস্থা করার জন্য ওমান প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছে ভারত সরকার।

হরমুজ অঞ্চলে বাণিজ্যিক জাহাজে বারবার হামলা এবং এর জেরে নাবিকদের হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে জানানো হয়েছে, আন্তর্জাতিক এই জলপথে বাণিজ্যিক জাহাজ ও নাবিকদের ওপর ধারাবাহিক এই হামলা বন্ধ হওয়া উচিত এবং জাহাজ চলাচলের পথ আরও নিরাপদ ও মসৃণ করা দরকার।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, চলতি অক্টোবরের শুরু থেকেই ওই অঞ্চলে একের পর এক জাহাজে হামলা চলছে। শুধু সোমবারই দুটি তেলবাহী ট্যাঙ্কারে হামলার ঘটনা ঘটে, যার একটি কুয়েতের পতাকাবাহী ‘এমটি কাজিমা থ্রি’ এবং অন্যটি লাইবেরিয়ার পতাকাবাহী ‘লিপসি’। কুয়েতের ওই জাহাজে থাকা পাঁচ ভারতীয় নাবিককেও ওমান প্রশাসন সফলভাবে উদ্ধার করেছে।

এর আগেও হরমুজ প্রণালীতে বিভিন্ন বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় বেশ কয়েকজন ভারতীয় নাবিক হতাহত হয়েছেন। আন্তর্জাতিক জলপথে এমন নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঘটনায় বারবার প্রতিবাদ জানালেও পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় উদ্বেগ বাড়ছে সংশ্লিষ্ট মহলে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন